পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
ছোটগল্প

শাহাদাতের পথে শেষ পদচারণা

পড়তে সময় লাগবে প্রায় ৪ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
শাহাদাতের পথে শেষ পদচারণা

নিরুপায় আপনি বদ্ধ অন্ধকার রুমে একেলা আনমনে কথিত স্বাধীন দেশের পরাধীনতার শিকলে বন্দী জীবনের কথা চিন্তা করছেন। চোখের দুই দণ্ড বেয়ে পড়ছে জলধারা। স্মৃতির দৃশ্যপটে ভেসে যাচ্ছে আবু সাঈদের শহীদ হওয়ার দৃশ্য।

সিনা টান টান করে, দুই হাত প্রসারিত করে যে যুবকটা শাসকগোষ্ঠীর পালিত বিবেক-বুদ্ধিহীন বাহিনীর সামনে দাঁড়িয়েছিল-পরমুহূর্তেই গর্জে উঠে ধেয়ে আসা বুলেট তার পেটে বিদ্ধ হওয়ার দৃশ্য আসতেই চমকে উঠলেন। ব্যথায় হালকা কুঁকড়ে গেল যুবকটা। পরের দৃশ্যে আপনার গায়ের লোম দাঁড়িয়ে গেল। একি! ছেলেটা পূর্বের মতোই সিনা টান টান করে, দুই হাত প্রসারিত করে নিজের বীরগাথার শেষ মুহূর্তটাও বীরত্বে রাঙাচ্ছে।

আপনার বুকের অতল গহ্বর থেকে চেনা সেই ধিক্কার ধ্বনি শোনা গেল- “ছিঃ! কাপুরুষের মতো অন্ধকারে শুধু চোখের জলই ফেলবে? এতটুকুতেই তোমার বীরত্ব?” অপমানে আপনার শীতল রক্ত টগবগ করে উঠল। লাফিয়ে দাঁড়ালেন। মনে মনে নিজেকে বিসর্জন দিয়ে জালিমের মসনদ ধ্বংস করার দৃঢ় প্রতিজ্ঞা করলেন। আপনার উচ্চবিলাসী মনটা শাহাদাতের এক অতিসুন্দর দৃশ্যও অঙ্কন করে ফেলল। আপনি মুচকি হাসলেন। শাহাদাতের পরের দৃশ্যটাও হয়তো আঁকার চেষ্টা করছিল, কিন্তু আপনি পাত্তা দিলেন না। দেরি হচ্ছে-বড্ড দেরি।

আতরের সুগন্ধি গায়ে মাখার সময় চোখ পড়ল টেবিলে রাখা মোবাইলের স্ক্রিনে-লাল ফন্টে অতি পরিচিত নাম্বার থেকে তিনটি মিসড কল। হাতে নিলেন ফোনটা। ব্যাক করার চিন্তা মাথায় আসতেই গতরাতের ঘটনা স্মরণ করলেন। কাঁদছিলেন তিনি, ভয় পাচ্ছিলেন তার ছেলেকে নিয়ে। সন্তানের কাছে নিজের অপরিসীম দুর্বলতা উজাড় করে দিচ্ছিলেন। আপনি বলেছিলেন, “ঠিক আছে! বাইরে হবো না, যোগ দেবো না মিছিলে।"

আপনার ভেতরে হঠাৎ ওয়াদা ভঙ্গের অপরাধবোধ জাগ্রত হলো। আঙুলটা ডায়ালে চাপ দিতে যাচ্ছিল, কিন্তু আপনি আবার ডুবে গেলেন চিন্তার জগতে। আচ্ছা, মায়েদের ভেতর এত মায়া কেন? আবু জাহেলকে হত্যা করতে পাঠানো দুই ভাইয়ের মায়েরও কি একই মমতা ছিল না? আবু সাঈদ, ফয়সাল, ওয়াসিমদের মায়ের ভেতরেও কি একই ভয় ছিল না? হঠাৎ মনে হলো-ওরাও কি শাহাদাতের পথে বের হওয়ার আগে এত কিছু ভেবেছিল?

আপনার অবাধ্য মন আবার অসময়ের ভাবনায় ছুটে গেল। গতরাতে বাবার দেওয়া কথাগুলো মনে পড়ল-লোহার মতো মানুষটাও তখন ভেঙে পড়েছিল। বোনটা? সেও কি কম দুশ্চিন্তায় আছে? ভাইটারও হয়তো একই অবস্থা। মনের ভেতর গেঁথে থাকা আবু সাঈদ যেন আবার ধিক্কার জানাল-তারও তো সব ছিল, পরিবার ছিল, স্বপ্ন ছিল। কিন্তু তাই বলে কি সে পিছু হটেছিল? বুলেট বিদ্ধ হওয়ার পরও দ্বিতীয়বার দাঁড়ানোর সময় কি তার আপনজনদের কথা মনে পড়েনি?

আপনি কাঁপা হাতে আঙুলটা ডায়াল থেকে সরিয়ে নিলেন। ফোনের পাওয়ার বাটনে চাপ দিলেন। দরজার নব ঘুরালেন।

দুই দিন আগে পালিশ করা জুতা জোড়া পরিধানের সময় নিজের ভেতরে সদ্য জেগে ওঠা প্রেমটা উঁকি দিল। ভেসে উঠতে চাইলো সেই চাঁদমুখখানা। আপনি এক পায়ে জুতা পরা অবস্থায় থেমে গেলেন। কঠিনভাবে নিজেকেই ধমক দিলেন-এটা গুরুতর অন্যায় আবদার। রাগে হয়তো মাথাটাও ঝাঁকিয়েছিলেন। মাথার পেছনে চিনচিনে ব্যথা অনুভব করলেন-কুকুরদের ছোড়া ইটের আঘাতটা যেন আবার তাজা হয়ে উঠল। অন্য জুতাটাও কোনোভাবে পায়ে গলিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালেন।

হঠাৎ মনে হলো-দুটি অসহায় চোখ আপনার দিকে চেয়ে আছে, অশ্রু গড়িয়ে পড়ছে। খুব ইচ্ছে হলো একবার ফিরে তাকাবেন। কিন্তু এবারও মুচকি হাসলেন। মনে পড়ল-আপনি থাকেন শত মাইল দূরে।

সিঁড়ির ধাপগুলো পার হয়ে আপনি এগিয়ে যাচ্ছেন শাহাদাতের অমিয় সুধা পান করতে। এরপর? দেখা হবে কি আবু সাঈদের সঙ্গে? কী জিজ্ঞেস করবেন তাকে- “এই দেশের জন্য জীবন দেওয়ার মতো বোকামি কেন করেছিলেন?"

হঠাৎ স্বশব্দে হেসে উঠলেন। কারণ-আপনিও তো করতে যাচ্ছেন একই "বোকামি”!
ঠিক তখনই পেছনে ফেলে আসা খোলা দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল।

লেখক পরিচিতি

ওয়াহিদুজ্জামান নাদিম

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।