পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
ছোটগল্প

সন্ধিক্ষণ

পড়তে সময় লাগবে প্রায় ৬ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
সন্ধিক্ষণ

"এরকম প্রচণ্ড তুষারপাতের একটা বাড়তি সুবিধা আছে, কোনোপক্ষই এই তীব্র ঠাণ্ডায় আক্রমণে জড়ায় না, নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। তারমধ্যে এই দুর্গম খাড়া পাহাড়ের পিচ্ছিল গা ঘেঁষে এতদূর উপরে উঠে হামলার সিদ্ধান্ত নেয়া আত্মহত্যার শামিল।"

কাঁটাবনে তুষারপাতের মাত্রা কমে আসছে ক্রমশ। রেডিওতে ভাঙা ভাঙা আওয়াজে সকালেই সেক্টর কমান্ডার তিমুর কুসায়েভের নির্দেশ শোনানো হয়েছে স্কোয়াডের মুজাহিদদের। সন্ধ্যা নাগাদ ফিল্ড কমান্ডার আসলানবেকভ পুরো মিশনের পরিকল্পনা সংশোধনীর উপর অনুমতিও নিয়ে ফেলেছেন। এখন সেটা তাঁবুর ভেতরে কঠিন বরফ ভূমিতে ব্যারেলের খোঁচায় সৈনিকদের ব্যাখ্যা করছেন। ভ্রু কুচকে ঘাড় ঝুঁকে বৃত্তাকারে দাঁড়ানো মনোনিবেশকারী সৈনিকদের মাঝ থেকে হাসানবেকের সম্পূর্ণ খেয়াল বয়ে চলছে আরগুন নদীর কলকল স্রোতের সাথে। দক্ষিণে উরুস-মার্টানের দিকে সগর্বে বয়ে যেতে যেতে বাঁক নিয়েছে আন্দারির পাথুরে ঢাল ছুঁয়ে। শেষবার পশমী চাদর জড়ানো ফাতিমার মুখটা যখন রক্তিমবর্ণে ওর প্রতি চেয়ে মুচকি হাসির জ্যোতি উগরে দিচ্ছিল তখন আকাশটা গাঢ় নীল ছিল। রৌদ্র ঝলমলে প্রবল স্রোতের আরগুনে হাঁটুজল পানিতে দাঁড়িয়ে হাত দুটো উষ্ণ স্পর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আবারও মিলনের প্রবল প্রতিজ্ঞা নিয়ে। স্বল্পমেয়াদি দাম্পত্য জীবনে ইতিহাসের নির্মম রূপটাও যখন ভালো লাগতে শুরু করছিল তরুণ হাসানের চোখে তখনই ইতিহাস তার সমস্ত নিষ্ঠুরতা নিয়ে হামলে পড়ে তার যৌবনে। আফগান যুদ্ধে পরাজয়ের প্রভাবে সোভিয়েত ইউনিয়নের পতনের পরও রাশিয়া মরণ কামড়ে আঁকড়ে ধরেছিল স্বাধীনতাকামী বাকি জাতিগুলোকেও। বরিস ইয়েলৎসিনের সাংবিধানিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার নামে চেচেনদের উপর নির্মম আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেচেন নেতা জোখার দুদায়েভ ইচকেরিয়ার যুবকদের খোলা আহ্বান জানান মাতৃভূমির জন্য এগিয়ে আসার। দফায় দফায় রুশ কর্তৃক নিপীড়ন ও গণহত্যার সাক্ষী হওয়া চেচেন তরুণদের ঘরে বসে থাকার কাপুরুষোচিত মনোভাব উবে গেছে তারও বহুবছর আগেই। দলে দলে গেরিলা প্রতিক্ষণে যোগ দেয়া সাধারণ যুবকদের মাঝে হাসানকেও ছেড়ে আসতে হয়েছে নববধূর ভুবনমোহিনী হাসি।

১৯শ শতকের সবচেয়ে ভয়াবহ সার্কেশিয়ান গণহত্যায় বেঁচে ফেরা ফাতিমার পরিবার ককেশাস থেকে পালিয়ে আসে দাগেস্তান সীমান্তের এক পাহাড়ি গ্রামে। শরণার্থী পরিচয়ের বদলে শারীরিক গঠনগত সাদৃশ্যের প্রভাবে স্থানীয় মানুষের মুহাজির ভাইদের আপন করে নিতে কোনো আপত্তি থাকে না। ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রবাহমানতায় দ্বীনি ভ্রাতৃত্বের বন্ধনে ভেসে এসে গড়ে উঠেছে যে জনপদ অপরূপ প্রকৃতির মনোরম শীতল শান্তির নিশান হয়ে, ক্রমেই তাতে আবাস বৃদ্ধি পেল দিকবিদিক ছুটে আসা মাজলুম বাস্তুহারা অসংখ্য পরিবারের। তাকদিরের নির্ধারিত লিখনে গালিচার পারিবারিক ব্যবসায় পরিচিত হয়ে ফাতিমার বাবার ক্রমেই বন্ধুত্ব গড়ে ওঠে হাসানের পরিবারের সাথে। সোভিয়েতের পরিস্থিতি বিশ্বযুদ্ধের প্রভাবে তখনও অস্বাভাবিক। উভয় পরিবারকে আবারও আবাস ত্যাগ করতে হয় ১৯৪৪ সালের চেচেন নির্বাসনে। একাদিক্রমে ঘটনার নির্মমতায় ফাতিমার বাবা হাজি আখমাদভ শহিদ হবার পূর্বেই মেয়ের অভিভাবকত্ব ছেড়ে দিয়েছিলেন ভ্রাতৃপ্রতিম মরহুম বন্ধুর পুত্র ইনগুশ হাসানবেকের কাছে।

"হাসান?" কমান্ডার আসলানবেকভের ভারি আওয়াজে সটান মেরুদণ্ডে তাকাল হাসান। ফর্সামুখে ডান চোখ থেকে গাল অবধি টানা গভীর ক্ষতটা আগুনের আলোয় কেমন এক প্রগাঢ় বীরত্বের নিশানা বহন করে কমান্ডারের চোখেমুখে। সেই ক্ষতের রেখায় বাঁক ফেলে তিনি কথা বলে উঠেন, "প্রস্তুত আছো?"

সম্মতিসূচক বুকে মুষ্টিবদ্ধ হাত এনে তাকিয়ে বলে, "ইনশাআল্লাহ, আমির।"

শেষ কয়েকবাক্যের নির্দেশনার পর তাকবির ধ্বনিতে যেন উত্তপ্ত হয়ে উঠে পাইনবনের নিস্তব্ধ সন্ধ্যারাত। দূরের কোনো বন্য বিড়ালের চাপা গর্জন অব্যাহত চলছিল এতক্ষণ, সব থমকে কেবল ছোট্ট দলটার প্রস্তুতির ধুপধাপ। সমান্তরাল মৃদু তুষারের উপর জোড়াকয়েক পায়ের ছাপের দৃশ্য মিলিয়ে বন্ধুর ভূমিটা এখন ঢের বেশি ছিন্নভিন্ন আঠালো কাদায়।

তুষারপাত থেমে গেলেও তীব্র হিমেল হাওয়ার তীক্ষ্ণ দংশন মুহুর্মুহু কামড়ে ধরে গতিরোধ করছে এই ছোট্ট গেরিলা দলটার। হাসানের মনে হলো এই ঢাল বেয়ে ওঠার ক্ষণ প্রলম্বিত হতে থাকবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু! এই বরফে ঢাকা দুর্গম পাহাড়ের পাথুরে ঢালের গহীন জঙ্গল পেরোতে গিয়ে হাসানের মৃত্যু হওয়াটা কতটা দুর্ভাগ্যের হবে না? তার তো বারুদের গন্ধে ঢাকা বাতাসে কালাশনিকভের পরপর গর্জনে মোহিত হওয়া পরিবেশে রুশদের লাশের ভিড়ে প্রাণত্যাগ করার কথা।

হঠাৎ কাঁধের আরপিজিটা কেমন হাল্কা ঠেকল হাসানের। ইতোমধ্যেই খানিকটা পেছনে রয়ে গেছে তরুণ। ফাতিমার মুখাবয়বটা কল্পদৃষ্টি হতে সরিয়ে দিতে পারলে হয়ত গতি বাড়ত। আচ্ছা, কখনো কি তারা ফের সাক্ষাতের ওয়াদা পূরণ করতে পারবে এই জীবনে? অথবা, চেচেন বহিনীর আগেই কি গ্রামে রুশ সেনাদের হত্যাযজ্ঞ পৌঁছে যাবে? সম্মুখে রাইফেলের বাটের আওয়াজে আবারও চলায় মন ঘুরল হাসানের। খুটখাট শব্দ করে না চললে এদিকে বাদামি ভাল্লুকের উৎপাতের আশঙ্কা, অন্যদিকে বরফে আচ্ছাদিত মাটি আঘাত করে জেনে নিতে হচ্ছে পাহাড়ে প্রকৃতির কোনো খাঁজ মরণফাঁদ আকারে ভূমিতে ঘাপটি মেরে অপেক্ষা করছে কি না, তারউপর শত্রুপক্ষের পাতা মাইন হতে সতর্কতা। মশালের ক্ষীয়মান আলো প্রবল কনকনে বাতাসের ঝাপটায় প্রতিমুহূর্তে অস্তিত্বের লড়াই লড়ছে। হাসানের চোখে ভাসে হেজাক লাইটের আলোয় শেষবার চিঠিটা পড়ছিল ফাতিমার হাতের লেখায়, সন্তানসম্ভবা মেয়েটা। নিরাপত্তার স্বার্থে কাগজটা জ্বালিয়ে দেয়ার জন্য আগুনের কাছে নিতেই এক জোর দমকা এসে প্রতিবাদ করে নিভু নিভু করে দিয়েছিল প্রদীপ। সেদিন ভোরে জলপাই রঙের ট্যাংকের সারিতে সফল গেরিলা অভিযান চালিয়ে পাওয়া গনিমতের শুকনো রুটি আর চিজ খেয়ে সেদিন দুদিনের উপাস হাসানের কপোল বেয়ে দাড়ি ভিজে গিয়েছিল কৃতজ্ঞতায়। চাপা গুঞ্জনে আল্লাহু আকবার যিকিরে উপরে উঠতে থাকা দলটা হঠাৎ সামনে থেকে নির্দেশ পেয়ে নিরব হতেই হাসানের আবারও হুঁশ ঠিকানায় ফিরে। মশালগুলো নিভিয়ে দেয়ায় মেঘভর্তি আকাশের নিচে এই গভীর পাহাড়ি খাতের পাশে অসমান্তরাল জঙ্গলে সাইটের এপাশে পজিশন নিতে থাকা জানবাজ তরুণদের দূর থেকে মনে হচ্ছিল ছোপ ছোপ জমাট অন্ধকার, যেন হঠাৎ কোনো বুনো পশুপাল ভিড় করেছে অকারণে।

গ্রেনেডের প্রচণ্ড বিস্ফোরণের ধোয়া ওঠার আগেও গিরিখাতে শ’খানেক গজ দূরত্বের অস্থায়ী গোপন ফিল্ট্রেশন ক্যাম্পের কারো মনে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক হয়নি, সাহসিকতার প্রশ্নে ও লড়াইয়ের ময়দানে উন্মাদ এক চেচেন কমান্ডার এই তীব্র শীতের জবুথবু হয়ে থাকা ভোরে পাহাড় ধসের মতো প্রকাণ্ডকায় তাদের উপর চড়াও হবেন। তাও আবার শূন্য সম্ভাবনার ঐ বিপদশঙ্কুল মধ্যম চূড়ায় উঠে চরম ঝুঁকি নিয়ে পাহাড়ের গা ঘেঁষে শেষ রাতের আঁধারে ঘাপটি মেরে বসবে মুসলিম কমান্ডোরা।

সেবারে রাশিয়ান বাহিনীর ওই গোপন ঘাঁটি বিশেষ করে রুশ গোয়েন্দা টর্চারসেলের গুরুত্বপূর্ণ কয়েদিদের শেকলমুক্তির অভিযানে আল্লাহ সফলতা দিয়েছিলেন কিছু শাহাদাতের উসিলায়।

শহিদ মুজাহিদ হাসানবেকের জানা ছিল না, শুভ্র তুষারে লাল রঙের সহাবস্থানে এক বীরত্বগাথা লিখে সে যখন পৃথিবীর সমস্ত আলো থেকে চিরতরে সরে যেতে যেতে দুচোখের পাতা এক করছিল সে সময় তার চেয়ে মাত্র কয়েকশো মাইল দূরে পৃথিবীর আলোতে চোখ মেলেছিল অন্য এক চোখজোড়া। ১৯৯৬ সালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধপ্রাঙ্গনে শামিল বাসায়েভ এবং আমির আল খাত্তাবের নেতৃত্বে বিজয়ী হওয়া স্বাধীন চেচেনিয়ায় যে শিশু ‘বাবা’ শব্দটিকে দেখবে শহিদী তামান্নার প্রেরণায়।

লেখক পরিচিতি

মারইয়াম জামীলা

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।