পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
ছোটগল্প

সওদাগর ভিলার অন্ধকারে নিঃশব্দ প্রতিশোধ

পড়তে সময় লাগবে প্রায় ৯ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
সওদাগর ভিলার অন্ধকারে নিঃশব্দ প্রতিশোধ

আমি আর মামা বেলকনিতে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ দরজায় কেউ একজন কলিং বেল বাজালো। আমি খুলতেই এক ভদ্রলোক সালাম জানিয়ে বললেন,

“আপনি কি সাদ্দাম সাহেব?”

ভিতর থেকে মামা বলল,

“না। উনি সাদ্দাম সাহেবের ভাগিনা, ইসমাইল। আপনার পরিচয় দিয়ে ভিতরে আসতে পারেন।”

ভদ্রলোক বললেন,

“আমি মোঃ রিয়াদ সওদাগর। আমি এসেছি একটা জটিল সমস্যা নিয়ে। যদি আমার সমস্যাটা একটু আপনি দেখতেন।”

সাদ্দাম মামা বললেন,

“বলুন শুনি, কী সমস্যা।”

রিয়াদ সওদাগর বললেন,

“গত এক সপ্তাহ আগে আমার বাবা মারা গিয়েছেন কিডনি ড্যামেজ হয়ে। সেটার বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছি।”

মামা বললেন,

“মানুষ মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক।”

রিয়াদ সওদাগর বললেন,

“কিন্তু সমস্যা হলো, গত দুই সপ্তাহ আগে বাবাকে এমআরআই করা হয়। তখন বাবার কিডনিতে কোনো সমস্যা দেখা যায়নি। এক সপ্তাহের মধ্যে কি মানুষের কিডনি ড্যামেজ হয়ে মৃত্যু পর্যন্ত যাওয়া সম্ভব? তাই আমি বলবো, আপনি একটু তদন্ত করবেন। সবাই স্বাভাবিক ভাবলেও আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।”

মামা বললেন,

“সত্যিই বিষয়টা ভাবনার বিষয়। তো পুলিশকে জানাননি কেন?”

রিয়াদ সওদাগর বললেন,

“স্যার, পুলিশ এত ঝামেলা নিতে চায় না। যে বিষয় যত তাড়াতাড়ি শেষ করা যায়, তারা শেষ করে।”

মামা বললেন,

“আচ্ছা, আপনার বাসার ঠিকানা দিয়ে যান। কালকে আমরা আসবো। আর আমাদের ২/৩ দিন থাকার প্রয়োজন হতে পারে, সব ব্যবস্থা করে রাখবেন।”

রিয়াদ সওদাগর বললেন,

“আচ্ছা, আমি আপনাদের জন্য কাল রাতের টিকিট বুক করে রাখবো। আর আমি কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে উঠবো। আপনারা বিমানবন্দর থেকে উঠে যাবেন। আমি টেলিফোনে বগি নম্বর বলে দেব।”

মামা বললেন,

“জ্বি, আচ্ছা। আপনি এখন আসতে পারেন।”

স্বাভাবিকভাবে আমরা ট্রেনে চড়ে পরদিন সকালে চট্টগ্রাম পৌঁছালাম। আমাদের জন্য এসি কেবিন বুক করা ছিল। সেখানে পৌঁছে দেখলাম, চট্টগ্রামের চান্দগাঁও এলাকার এক পুরনো দোতলা বাড়ি। নাম ‘সৌদাগর ভিলা’। দেখেই বোঝা যাচ্ছিল, তার দাদা পুরোনো আমলে বড় জমিদার ছিলেন, তবে এখনো মনে হয় খুব সামান্যই এর চিহ্ন বাকি আছে।

বাড়ির কর্তা গত সপ্তাহে মারা গেছেন। শোকের ছায়া কিছুটা বাকি আছে। আমরা বাড়িতে প্রবেশ করা মাত্রই রিয়াদ সওদাগরের বড় ভাই ফুয়াদ সওদাগরের সাথে দেখা হলো। তিনি আমাদের সাথে সালাম বিনিময় করে আমাদের রুম দেখিয়ে দিলেন। আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে সকালের নাস্তা করলাম। রিয়াদ সওদাগর আমাদের পুরো বাড়ি ঘুরে দেখালেন। সবার সাথে পরিচয় করিয়ে দিলেন।

আমি আর মামা বিকেলে বাইরে বের হলাম, সবার কাছ থেকে তাদের পরিবার সম্পর্কে তথ্য নেওয়ার জন্য। তেমন কোনো তথ্য পাওয়া গেল না। বাড়ির গেটের দারোয়ান, কাজের লোক, সবাইকে জিজ্ঞেস করেও কোনো সূত্র পাওয়া গেল না।

শুধু এতটুকু জানা গেল, বাড়ির বড় বউমা অর্থাৎ ফুয়াদ সওদাগরের স্ত্রী করিম সওদাগরের মৃত্যুর তিন (৩) দিন আগে তার বাবার বাড়ি গিয়েছিল। ছোট বউমা অর্থাৎ রিয়াদ সওদাগরের স্ত্রী খুব একটা বেশি করিম সওদাগরের রুমে যায় না। বড় বউ-ই বেশিরভাগ সময় দেখভাল করতো।

তবে একটি আশ্চর্য বিষয় জানা গেল। বড় বউ যাওয়ার দিন নিজ হাতে চা বানিয়েছিল, কিন্তু আবার চাকরকে ডেকে পরিবেশন করিয়েছেন। চাকর আরও জানায়, সেদিন চা অতিরিক্ত মিষ্টি হওয়ায় কর্তা খেতে পারছিলেন না। বড় বউ নিজের হাতে বানিয়েছে, তাই বাধ্য হয়ে খাচ্ছিলেন।

আরও জানা গেল, এ বাড়ির কর্তা করিম সওদাগরের এমআরআই করার দুই-তিন দিন পর থেকে অধিক পরিমাণ ঘুমাতেন এবং বলতেন, উনার বমি বমি লাগছে, কিন্তু বমি হচ্ছে না। মৃত্যুর আগের দিন জানিয়েছিলেন পেট ব্যথা। তখন সবাই ভেবেছিল গ্যাস্ট্রিক হয়েছে। তাই গ্যাস্ট্রিকজনিত ওষুধ খাওয়ানো হয়।

দুই দিন সেখানে থাকার পরেও আমরা কোনো সূত্র পাচ্ছিলাম না। তৃতীয় দিন বিকেলে মামা ডাস্টবিনের কাছে একটি সুচ খুঁজে পান, যেটা ছিল ইনজেকশনের সিরিঞ্জের মাথায় ব্যবহৃত সুচ।

মামা সাথে সাথে সিরিঞ্জটা তুলে মামার ভাই আবিদের কাছে পাঠালেন। ওই দিন রাতে মামা আমাকে বলল,

“ইসমাইল, আজকে নিশ্চিত হলাম, এই মৃত্যাটা স্বাভাবিক মৃত্যু ছিল না। কিছু একটা গোলমাল আছে।”

পরদিন মামা রিয়াদ সওদাগরকে বলে সম্পূর্ণ বাড়ি তল্লাশি করলেন। ফুয়াদ সওদাগরের রুমে এসে আলমারি থেকে দুটি কাগজ সাদ্দাম মামা পকেটে নিয়ে নিলেন।

ওই রাতেই মামা বললেন,

“অপরাধী পেয়ে গেছি। তবে একটু সময় লাগবে, কিছু তথ্য জোগাড় করতে হবে।”

এই সময় রিয়াদ সওদাগরকে ডেকে পাঠানো হলো। তিনি এলে সাদ্দাম মামা জিজ্ঞাসা করলেন,

“আচ্ছা, আপনার কি কোনো চাচা আছে?”

রিয়াদ সওদাগর বললেন,

“আমার চাচা ছিল একজন। সে নাকি ছোট থাকতে হারিয়ে গিয়েছিল। তবে একটা গোপন কথা, অনেকদিন আগে বাবার সাথে মায়ের ঝগড়া হলে শুনতে পেয়েছিলাম, বাবা নাকি আমার চাচাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন।”

পরদিন সকালে সাদ্দাম মামা সবাইকে এক রুমে বসালেন। বললেন,

“আমি আজকে কিছু তথ্য দেবো। হয়তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পাবেন। তবে আরও কিছু নতুন মানুষের সাথেও পরিচয় হবে।”

মামা একটু থেমে আবার বললেন,

“আপনাদের বাড়িতে একজন ভালো মানের ডাক্তার আছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। তিনি হলেন আপনাদের বাড়ির বড় বউমা।”

বড় বউমা রেগে বললেন,

“আপনি এত সব মিথ্যা বলছেন কেন? আমি তো মাত্র ১০ পাস। আপনি এসেছেন আমাদের পরিবারের মধ্যে ঝামেলা তৈরি করতে। আসলে মানুষ চায় না তাদের পরিবারের মধ্যে শান্তি বজায় থাকুক।”

মামা বললেন,

“অল্প সবুর করুন, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। কারণ শুনেছি, সবুরে নাকি মেওয়া ফলে। সব সমস্যার সমাধান করবো।”

মামা ইশারা করে বাইরে থেকে একজন মহিলাকে ডেকে আনালেন। মহিলাকে দেখেই বড় বউমা ভয়ে কাঁপতে শুরু করলেন।

তখন মামা বললেন,

“এই বাড়ির বড় বউ শুধু এই বাড়ির বড় বউই নয়, বরং সে এই বাড়ির আংশিক মালিকও।”

মজলিসে থাকা সবাই হতবম্ভ হয়ে গেল। সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল।

মামা বললেন,

“এই বাড়ির কর্তা করিম সওদাগরের ছোট ভাই জয়নাল সাহেব কিছুদিনের জন্য নিরুদ্দেশ ছিলেন। এমন সময় করিম সওদাগর ও জয়নাল সওদাগরের বাবা মারা যান। পরবর্তীতে জয়নাল সাহেব ফিরে এলে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়, যাতে সমস্ত সম্পত্তি করিম সওদাগর একাই ভোগ করতে পারেন। গত দুই বছর আগে জয়নাল সওদাগর মারা যান। এখন তার একমাত্র বড় মেয়ে লায়লা, অর্থাৎ আপনাদের বড় বউমা, প্রতিজ্ঞা করেন যে তার চাচা করিম সওদাগরকে তিনি নিজ হাতে হত্যা করবেন।”

“সেই জন্য তিনি তার বাড়ির পুরোনো কাজের লোক সাত্তারকে তার বাবা পরিচয় দিয়ে এই বাড়ির সাথে সম্পর্ক করেন। লায়লা সুন্দরী থাকায় বেশি বেগ পেতে হয়নি। ছেলেবেলায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় করিম সওদাগর নিজের ভাইয়ের মেয়েকেও চিনতে পারেননি।”

“লায়লা ধীরে ধীরে কৌশল অবলম্বন করে কীভাবে তার বাবার প্রতিশোধ নেওয়া যায়। যেহেতু সে ডাক্তার, তাই তার অভিনব কৌশল জানা ছিল।”

“তিনি কৌশল অবলম্বনের ক্ষেত্রে Ethylene glycol নামের একটি তরল পদার্থ ব্যবহার করেন, যেটা পানির মতো স্বচ্ছ এবং চিনির থেকেও মিষ্টি। তিনি বাবার বাড়ি যাওয়ার আগে এই তরলটি চায়ের সাথে মিশিয়ে দেন।”

“সন্দেহ যেন কেউ না করে, সেই জন্য বাড়ির কাজের লোককে দিয়ে চা পরিবেশন করান। তিনি নিজেও একই সাথে চা পান করেন। করিম সওদাগর ভেবেছিলেন, বউমা আজ নতুন চা বানিয়েছে, তাই মিষ্টি বেশি হয়েছে।”

“এরপর সাথে সাথে লায়লা ঘরে গিয়ে Ethanol নামক একটি ওষুধ নিজের শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করান। যার ফলে লায়লা বেঁচে যায়, আর করিম সওদাগর কিডনি ড্যামেজ হয়ে মারা যান।”

“চিকিৎসকদের কাছে জানতে পেরেছি:

Ethylene glycol শরীরে প্রবেশ করার পর ৩০ মিনিট থেকে ১২ ঘণ্টা পর্যন্ত মাথা ঘোরা, বমি বমি ভাব এবং ঘুম আসবে।

১২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত শ্বাসকষ্ট, পেট ব্যথা, হার্টবিট অস্বাভাবিক হবে।

২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে কিডনি বিকল, কোমায় চলে যাওয়া এবং মৃত্যু হবে।”

“Ethanol শরীরের বিষক্রিয়াকে প্রতিরোধ করে, যার ফলে লায়লার কিছু হয়নি। আর এই মহিলা লায়লার আসল মা।”

মামা বললেন,

“লায়লা, আপনি কি কিছু বলবেন?”

একটা পৈশাচিক হাসি হেসে বললো লায়লা,

“আমিই মেরেছি, বেশ করেছি। কিন্তু আপনি কীভাবে জানলেন এত কিছু?”

সাদ্দাম মামা বললেন,

“অপরাধী যত বড়ই চালাক হোক না কেন, সে একটা না একটা ভুল করবেই। আপনিও তার ব্যতিক্রম নন। আপনার ডাস্টবিনে ফেলা ইনজেকশনের সুচ থেকেই আমি এই সব তথ্য পেয়েছি। সেই সুচটা পাওয়া মাত্রই আমার সন্দেহ হয়েছিল। আমি সুচটা ফরেনসিক ল্যাবে পাঠাই, আর রিপোর্টটা আমার ছোট ভাই আবিদ, যে ল্যাবে কাজ করে, তার মাধ্যমেই দ্রুত পাই এবং Ethylene glycol সম্পর্কে বিস্তারিত জানতে পারি।”

“সেই সুচ থেকে তথ্য পেলেও অপরাধীকে খুঁজে পেতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে। পরবর্তীতে আপনার রুম তল্লাশি করার সময় আলমারিতে আপনার পার্সপোর্টের ফটোকপি পাই, যেটা আমি তাৎক্ষণিকভাবে সবার আড়ালে পকেটস্থ করে নেই। সেই সূত্র ধরে আমার সহপাঠীরা এবং আমার বন্ধু এস আই সাজ্জাদের সাহায্যে আপনার আসল পরিবারকে খুঁজে পায়। সেটার মাধ্যমেই আপনার আসল পরিচয় এবং আপনার শিক্ষাগত যোগ্যতাও জানতে পারি। এবং সেটার মাধ্যমেই আপনার মাকে এখানে উপস্থিত করতে সক্ষম হয়েছি।”

“আর এই বাড়ির চাকর আমাদের জানিয়েছিল, আপনি বাড়ি যাওয়ার আগে কর্তাকে চা বানিয়ে দিয়েছিলেন। সাথে এটাও বলেছিল, আপনি সেদিন নিজ হাতে চা বানিয়েছিলেন, যেটা আপনি সচরাচর করতেন না।”

“আমার কাজ শেষ। আমি এখন আসতে পারি।”

“আর একটা কথা বলি, এই সমাজে কোনটা যে মানুষ, আর কোনটা মুখোশ, বোঝা বড় কষ্টসাধ্য।”

লেখক পরিচিতি

মোঃ গোলাম রাব্বি

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।