বাগানবাড়ির স্বপ্ন

আমার অনেক দিনের স্বপ্ন ছিল,
মেঘের দেশে মেঘমালার এক ছোট্ট বাড়ি হবে।
অট্টালিকা নয়,
নীল আকাশের মাঝখানটায় সুখের অনুভবে।
পাখিরা সব হবে আমার প্রিয় প্রতিবেশী,
চাঁদের সাথে বন্ধুত্ব, জোছনা রাশি রাশি।
এক পশলা বৃষ্টি এসে ছাউনি হয়ে রবে,
স্বপ্ন নিয়ে বিভোর আমি, পূরণ হবে কবে?
কুরআন খুলে তখন দেখি, ডেকে বলেন রব,
"আমায় তুমি স্মরণ করো, দেবো তোমায় সব।
ইসলামের আলো জ্বেলে জীবন ভরে তোলো,
বাগানবাড়ি দেবো তোমায়, এর চেয়েও ভালো।
এমন একটি বাড়ির কথা চিন্তা করো যদি,
যার নিচে প্রবাহিত ঝর্ণা এবং নদী!"
এতকাল যে স্বপ্ন আমি রেখেছিলাম বুনে,
সেই স্বপ্নই ভুলে গেলাম রবের কথা শুনে।
রবের ডাকে যেইমাত্র দিলাম আমি সাড়া,
মনের আকাশ ছেঁয়ে গেলো প্রশান্তিরই তারা!
আগে আমি গান শুনতাম কানে হেডফোন গুঁজে।
এখন আমি নামাজ পড়ি, কুরআন পড়ি বুঝে।
অনন্ত ঐ নীলাভ আকাশ সৃষ্টি করেন যিনি,
জীবন জুড়ে প্রাপ্তিগুলো তাঁরই কাছে ঋণী।
স্বপ্ন আমি আজও দেখি, মেঘের দেশের নয়,
রবের দেয়া বাগানবাড়ি পেতে চায় হৃদয়।



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।