পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
কবিতা

জুলাই না বুঝলে বুঝবে না বাংলাদেশ

পড়তে সময় লাগবে প্রায় ৪ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
জুলাই না বুঝলে বুঝবে না বাংলাদেশ

বুকের ভেতর জুলাই রাখো বাংলাদেশ
জুলাই দিনের স্বপ্ন গড়ো বাংলাদেশ
ঐক্যবদ্ধ গোলাপ ফোটাও বাংলাদেশ!

না, তোমরা তো জুলাই বোঝোনি
জুলাইয়ের রাজমুকুট বোঝোনি
মুষ্টিবদ্ধ দ্রোহের শাহবাগ-নামা
এবং ফুঁসে ওঠা তারুণ্যের তুমুল তুফান বোঝোনি
বোঝোনি গুঞ্জরিত মধ্যরাতের অনর্গল আবাবিল

শুনতে পাও-
বখতিয়ারের সতের সওয়ারীর ক্ষুরের ধ্বনি!
তিতুর লেঠেল কিংবা জালালের তরবারির ধার
এখন আমাদের হাজার হাজার বখতিয়ার
লক্ষ লক্ষ তিতুমীর, অজস্র শাহ জালাল!

ঘোড় সওয়ারী, বাঁশের কেল্লা কিংবা তরবারির সেই সাহস এখন একবিংশ শতাব্দীর তারুণ্যের বুক
এখন হৃদয়ের চেয়ে বড় কোনো বুলেট নেই
সাহসের চেয়ে বড় কোনো অস্ত্র নেই
স্বাধীনতার চেয়ে মূল্যবান কোনো জীবন নেই!

আমরাই তো চাক্ষুষ-
কীভাবে আগ্নেয়াস্ত্র পরাজিত অকম্পিত নির্ভীক নিরস্ত্র বুকের কাছে
ঘোড়ার ক্ষুরের মতো পায়ের আওয়াজই এখন জালিমের বুকে ভয়াল কম্পন
লক্ষ্মণ সেনের সেই খিড়কি যেনো কপ্টারের দরোজা!
আহা ফ্যাসিস্ট স্বৈরিণী তোমার জন্য মজলুমের অভিশাপ!

হে মান্যবর মহা মুগ্ধ মুখ
এখন প্রয়োজন একটি মহাকাব্যিক ঐক্যের উৎসব
অথচ তোমরা বোঝো না ঐক্যের সভ্যতা
বোঝো না দেশপ্রেমের রক্তবর্ণ উত্থান!

একটি জাতিকে আর কত ভাগ করা যায়
আর কত টুকরো করা যায় জাতির হৃদয়!
ভাগের করাত, উন্নত স্বত্বা নির্মাণে
নৈপুণ্য আনে না কখনো
প্রতিহিংসা কিংবা বিদ্বেষের তরবারি কখনও অক্ষত রাখে না মসনদ
দীর্ঘতা দেয় না প্রতাপান্বিত কোনো দণ্ডের!

তোমরা কি জানো স্থিতিশীল মসনদের গোপন শক্তির নাম
জানো কি ক্ষমতা ধারণের চির রহস্য কি
কি সেই চাবি যা মজবুত করে দোর্দণ্ড তখত তাউস
জাস্টিস, জাস্টিস! ইনসাফ, ইনসাফ!

জাস্টিস করো বাংলাদেশ
ইনসাফ করো বাংলাদেশ
সত্য বোঝো বাংলাদেশ
সত্যে থাকো বাংলাদেশ!

তুমি তো মানুষ কেবল ইনসাফের দণ্ডে
তুমি তো মানুষ কেবল সত্যের নিরিখে
তুমি তো মানুষ কেবল সাদা কালোর ভেদ রেখায়
অপরাধ ঘৃণা না করে কীভাবে মানুষ থাকো বলো!

রক্তের রঙ বোঝো না বলেই গোলাপ বোঝো না
উত্তাল সময় বোঝো না বলেই ঐক্য বোঝো না
নতুন বসন্ত বোঝো না বলেই জুলাই বোঝো না
আর যদি জুলাই না বোঝো তবে
বুঝবে না বাংলাদেশ!

শোনো হে মানুষ
ভয় করো নিপীড়িত নির্যাতিত মজলুমের দীর্ঘশ্বাস
ভয় করো ক্ষুধার্ত দুর্বল সহায়হীনের অভিশাপ
ভয় করো বঞ্চিত জনতার কষ্টের আগুন

মানুষের দুঃখ লিখে লিখে ভরে তোলো রাতের পৃষ্ঠা
নাগরিক যন্ত্রণা এঁকে ভরাও মানবিক ক্যানভাস
নিপীড়িত চোখের কাতর রঙ মাখতে মাখতে
মুছে ফেলো ঘুমের নদী
তোমাকে হতে হবে উত্তম, মহা উত্তম

আমরা জেনেছি-
কারা পৃথিবীর উত্তম মানুষ
কারা পৃথিবীর মহত্তম মানবিক শিল্পী
কারা মানুষের বেদনায় নিরন্তর ঝরায় অশ্রুর বান

তুমি কি দেখোনি অস্তগামী কোনো সূর্যের মুখ
ভেবেছো কি, তারও একটি উদয় ছিলো
তারো ছিলো যৌবনের দর্পিত উত্তাপ
অথচ শরীর থেকে যৌবন মুছে গেলে
নিভে যায় অগ্নিবত প্রতাপ
তারপর অন্ধকার গিলে খায় যৌবনের সকল রঙ

ভেবো না পৃথিবী কেবল তোমার
না, পৃথিবী আমারও
এ আলো হাওয়া এই সমুদ্র শোভিত বায়ু
এ সবুজ সমাহার এবং এ মাটির মোহময় মমতা আমার বুকেও ফোটে সবুজ জ্যোতি

মনে রেখো অবিচার অনাচার এবং
আত্মম্ভরিতা এক ভয়াল তুফান
সুনামি হয়েই ফিরে সহসা
আজ যা আনন্দের কালই তা বিমর্ষ বেদনার
আজ যে রাজা কালই সে পথের মানুষ
আজ যে দাম্ভিক কালই সে পতিত
আর মৃত্যুর হিম ছুঁয়ে গেলেই
মিটে যায় জীবনের সকল সাধ

কি নিয়ে বিস্ময় দেখাও হে মানুষ
কি দিয়ে জ্বালো দম্ভের আগুন
তুমি তো কেবলই কুন ফায়াকুনের অধীন
কেবলই একটি নির্দেশের আওতায়

হে মানুষ বিবেকের বিজয় আনো
সত্যের সৌরভ আনো
ন্যায়ের নিশান আনো
লেখো আধুনিক মানবিক মানচিত্রের নাম
তবেই উৎসব হবে বিজয়ের
তবে বিজয় হবে আগামীর
তবেই তুমি হবে নতুন ইতিহাস

আসো তবে সহাস্য প্রেমের বহরে
আসো হৃদয়ের আঙিনায়
আসো হাতে হাত রেখে
বুকে তুলি বাংলাদেশ,
বাংলাদেশ এবং বাংলাদেশ।।

লেখক পরিচিতি

জাকির আবু জাফর

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।