জীবন চক্র

কোন এক অজানা কারণে মন খারাপ করে রুমে শুয়ে ছিলাম। হঠাৎ করেই আরিফ এবং আসাদ রুমে ঢুকে বলল, “ভাই চলেন, বাইরে যাবো।” আমি তাদের দিকে আনমনা হয়ে তাকিয়ে ভাবতে লাগলাম—এভাবে বসে না থেকে বাইরে গেলে খারাপ হয় না। ঝটপট তৈরি হয়ে ওদের সাথে হাঁটা শুরু করলাম এবং নানাবিধ গল্পের সমারোহে আমরা কুমিরা ঘাটে গিয়ে পৌঁছালাম। ঘাটের মসজিদের পাশেই একটা জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম মিনারের সেই ধ্বনির জন্য, যার মাধ্যমে বিলাল (রা.) মানুষদের তার রবের দিকে আহ্বান করতেন। মিনিট দশেক অপেক্ষার পর মিনার থেকে ভেসে আসতে লাগল সেই প্রতিধ্বনি, যার অপেক্ষায় আমরা গভীর আগ্রহে বসে ছিলাম। নামাজ শেষ করে ঘাটের শেষ মাথায় গিয়ে বসলাম। কোনো এক আগন্তুক বসার জন্য একটা বেঞ্চ পেতে রেখে গেছে, সাথে একটা চেয়ারও ছিল। সমুদ্রের শীতল, মন দোলানো হাওয়া—এমন সুন্দর পরিবেশের লোভ কে-ই বা সামলাতে পারে! কোনো চিন্তা না করেই বসে গেলাম সেই পরিচয়হীন বেঞ্চ আর চেয়ারে। বসে গল্প করছিলাম আমি আর আরিফ। অন্যদিকে আসাদ চলে গেছে পানির সন্নিকটে—তার নাকি পানির সেই কলকল ধ্বনি বেশ পছন্দ। আমরাও তাকে বাধা দেইনি; এমন পছন্দের সঙ্গীহীন সমুদ্রের জোয়ারের পানির ধ্বনি উপভোগ করছিল সে।
জীবনের প্রতিটি বাঁকে সবারই কিছু নিরবিচ্ছিন্ন ও মনোমুগ্ধকর মুহূর্ত থাকে—এসব হিসেব কষতে কষতেই হঠাৎ লক্ষ্য করলাম, সালাহউদ্দিন এসে বলছে, “এহানে যত্ত গুলা বরখি ওয়ালা আছে, বেগ্গিনতুন আই একখান হইরে, বরখি লইয়োম…।”
দেখতে মায়াবী, কথা শুনে মনে হলো—একটা পাকনা বাচ্চা, উচ্চতায় বছর পাঁচেক শিশুর মতো। হাসতে হাসতে ডাকলাম, “এই পিচ্চি, এদিকে আয়। তুই কি বরখিওয়ালাদের কাছ থেকে চাঁদা নিতে এসেছিস?”
ছোট্ট সাইকেল প্যাডেল মারতে মারতে কাছে আসলো। হাতের ইশারায় বললাম পাশে বসতে। কোনো কথা না বলে আরিফের পেছন দিয়ে ঘুরে সাইকেল দাঁড় করিয়ে একদম কাছে এসে বসলো।
থুতনিতে ছোট্ট করে আদর দিয়ে জিজ্ঞেস করলাম—“নাম কী তোমার? বাসা কোথায়? কোন ক্লাসে পড়ো?”
প্রশ্নগুলো শুনে একটা হাসি দিয়ে বলতে লাগলো, “মামু, অ্যার নাম সালাহউদ্দিন। ঘর এখানেই, কদ্দুর সামনে। অ্যায় পড়ালেখা ন্যো কইরে ।” এতটুকু ছেলে পড়াশোনা করে না শুনে স্বাভাবিকভাবেই মনের ভিতরে নানা কৌতূহল জন্মাতে লাগলো। তাই একরকম বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম, “কেন পড়াশোনা করো না?”আমাদের মুখ থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বললো, “পড়ালেখা হরমু, টেয়্যা কই পামু ? বোন একটা আছে, তারে লেখা করাইয়োম। আর অ্যাই পড়ালেখা ন্যো হইরোম ।” তার কথাগুলো শুনে নিজের অজান্তেই গা শিউরে উঠলো। তার কাছে জানতে ইচ্ছে করলো—কেন এত অভিমান তার ভেতরে। জিজ্ঞেস করলাম, “আব্বু কী করেন?”সে বললো, “অ্যার আব্বা নাই, মারা গেছে, বহুদ্দিন আগে।”তার কথায় কোনো হতাশার ছাপ নেই, বরং আমাদের সাথে মন খুলে কথা বলছে, যেন আমরা তার বহুদিনের পরিচিত।
আরিফ জিজ্ঞেস করলো, “কিভাবে মারা গেছেন?”সে বললো, “অ্যার আব্বা কদম রসুল একটা জাহাজ কাটার কোম্পানিতে কাজ করতো। হ্যানো জাহাজে আগুন লাগছে, অ্যার আব্বা মারা গেছে।” কথাগুলো বলতে বলতে যেন তার মনটা ভারী হয়ে আসছিল—তার প্রতিটি শব্দের ওজনেই তা বোঝা যাচ্ছিল। তার বাবার জন্য দুঃখ প্রকাশ করে আগ্রহভরে জিজ্ঞেস করলাম, “পরিবারের খরচ কে চালায়?” প্রশ্নটা করতেই সে আমাদের দিকে তাকিয়ে বললো, "অ্যাই কাজ করি এইহানে। সকাল থেকে চারটা পর্যন্ত যারা সন্দ্বীপ থেইকা আসে, অ্যাই তাদের ব্যাগ গাড়িতে তুলে দেই। আর স্পিডবোটে সাহায্য করি। অনেক টেয়্যা পাই—কোনো দিন পাঁচশো, কোনো দিন এক হাজার। এখন বোনডারে মাদ্রাসায় ভর্তি করতে হইবো।” এক নিঃশ্বাসে এসব বলে সে চুপ করে রইলো। আমরা তার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকলাম।
মনে মনে ভাবতে লাগলাম—একটা ছেলের দায়িত্ববোধের জন্য কোনো বয়স বাধা হয়ে দাঁড়ায় না। সে যে বয়সেরই হোক, দায়িত্ব তার কাঁধে চলে আসে।সামনে থাকা সাইকেলটার দিকে ইশারা করে জিজ্ঞেস করলাম, “এটা কার?” সে বললো, “প্রতিদিন এক টেয়্যা, দুই টেয়্যা করে ব্যাংকে জমাইয়া এই সাইকেল কিনছি। অ্যাই টেয়্যা নষ্ট ন্যো করি । প্রতিদিন যা পাই, আম্মারে দিয়া দেই।” এভাবে দীর্ঘ সময় তার সাথে কথা বললাম, এবং আরিফ তার ছবি তুলছিল। " মামু অ্যাই চলে যাই রাইত বহুৎ হয়ছে, পরে গেইট বন্ধ করে দিলে সাইকেল নিয়া বাইর হইতে পারমু না "
ওর কথা চিন্তা করে আমরাও সাথে সাথে চলতে শুরু করলাম এবং মাথা নাড়িয়ে সায় দিয়ে সম্মতি জানালাম। আরিফ জিজ্ঞেস করলো বড় হয়ে কি হতে চাও, সাইকেল পেডেল দিতে দিতে বলতে লাগলো " বাপ নাই আর কি হমু, বড় হইয়া বুহুৎ টেয়্যা কামাইতে চাই,অ্যার বোনডারে লেখাপড়া করাইতে চাই"





মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।