পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
ছোটগল্প

একাকিত্বের বিকেলে সমুদ্রের খোঁজে এক যাযাবর

পড়তে সময় লাগবে প্রায় ৭ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
একাকিত্বের বিকেলে সমুদ্রের খোঁজে এক যাযাবর

কখনো কখনো মানুষ ভিড়ের মাঝেও সমুদ্রের মতো একা হয়ে যায়।

”ঘড়ির কাঁটা তখন বিকেল চারটা বেজে ত্রিশ মিনিট। আচমকা একটা স্বপ্ন দেখে শেষ প্রান্তে এসে আস্তে ধীরে ঘুমটা ভেঙে যায়। শোয়া থেকে উঠে বসলাম, কয়েক মিনিট চুপ করে রইলাম। অতঃপর একটু পানি পান করলাম।

কেমন যেন অস্বস্তিকর লাগছিল। তখনই মনে হচ্ছিল, সমুদ্র আমায় ডাকছে হয়তো। চারদিকে বহু মানুষ থাকা সত্ত্বেও একটু একা একা লাগছিল।

অগোছালো কালো ট্রাউজার আর ধবধবে সাদা গেঞ্জিটা নিয়ে একটু আয়রন করে নিলাম। রেডি হয়ে সালাতুল আসর শেষ করে ছুটে চললাম সমুদ্রের খোঁজে।

পথে অনেকের সাথেই দেখা হয়েছে। একেকজন একেক রকম প্রশ্ন করছে, পূর্বের মতোই। যেহেতু সমুদ্রের পাশের গ্রামেই থাকি আমি, তাই আসতে বেশি সময় লাগলো না।

ঘাটে নেমে সমুদ্রের নোনাজলের ধমকা মিষ্টি হাওয়া গায়ে এসে লাগতেই মনটা হালকা হতে শুরু করলো। এগুতে থাকলাম মাঝপথ ধরে সামনের দিকে। চোখে পড়লো একটি ভ্যান—কিছু বিক্রি হচ্ছে। সামনে গিয়ে দেখলাম, ভেলপুরি, চটপটি আছে। মামা বললো, “মামা, কী দেবো?” কোনো কিছু না ভেবেই বলে ফেললাম—চটপটি দিন।

চটপটি খাচ্ছি আর সমুদ্রের দূরদেশে চেয়ে রইলাম। ট্রলার আসছে, যাচ্ছে। বক মাছের সন্ধানে ছুটে চলছে। কাক কা কা করছে একটু খাবারের জন্য।

অপর প্রান্ত থেকে ছোট একটি ছেলে “বাবা বাবা” বলে কী যেন বলছিল। সে এসে তার বাবাকে সাহায্য করতে লাগলো। মানুষের খাওয়ার পর অদূর প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করে তার বাবার হাতে দিচ্ছে। অন্যদিকে আমার সামনেই একজন ভাইয়া উনার সাথে ছোট একটা মেয়ে ফুচকা খাচ্ছিলো, ভাইয়াটা তার মুখে তুলে দিচ্ছে।

বয়স কাছাকাছি হলেও তাদের অবস্থান ভিন্ন। বিষয়টা দেখে একটু ভাবতে লাগলাম—এটাই কি ভাগ্য? নাকি নিয়তি? নাকি উপরওয়ালা থেকে পাওয়া এক নিয়ামত!

আচ্ছা, মানুষ কেন বড় হয়? বড় হলে কেন সবাই দূরে সরে যায়? দূরে ঠেলে দেয়! আপনার কি মনে আছে যখন ছোট ছিলাম, ঠিক এভাবেই আমাদের মা-বাবারা আমাদের কোলে বসিয়ে মেখে মেখে খাইয়ে দিতো? সেই সময়টা কি ভুলে গেছেন? শেষ কবে মা-বাবার হাতে মাখানো খাবার খেয়েছেন, মনে আছে?

মনে নেই তাই না! আমারও মনে নেই। আমরা বড় না হলেও যে একদিন বুড়ো ঠিকই হতে হবে!!

যাকগে—খাওয়া শেষ করলাম। এবার আবার সামনের দিকে এগোচ্ছি, আবার দাঁড়াচ্ছি, আবার কিছু ছবি ভিডিও নিচ্ছি সমুদ্রের।

হুট করেই সামনে থেকে কে যেন বলে উঠলো—
“আরে জুনাইদ ভাই আপনি!”

চেয়ে দেখি আমার ভার্সিটির কয়েকজন প্রিয় ছোট ভাই। তারা বললো—
“ভাই, আপনি একা? একাই আসছেন?”আমি বললাম—জি ভাই। পাশ থেকে আরেক ছোট ভাই বলে উঠলো—
“জুনাইদ ভাই একা একাই ঘুরতে পারে।”

এরই মধ্যে আরেক ছোট ভাই বললো—
“ভাই, আমার ছবি তুলে দেন।”

অন্ধকার থাকা সত্ত্বেও তার ভালোবাসায় বলাটা রাখার জন্য দুটো ছবি তুলে দিলাম। ওদের সাথে কয়েক মিনিট কথা হলো। অতঃপর ওঁরা বিদায় জানিয়ে চলে গেল।

একটা বিষয় জানেন কি?
আমরা যারা যেই বিষয়টায় পারদর্শী বা ভালো লাগা খুঁজে পাই, অনেক সময় পরিবার সেই বিষয়টাকে ভালোভাবে দেখে না। এটা মূলত সিস্টেমের সমস্যা—তাদের দোষ নয়।

যে যেই বিষয়ে পারদর্শী, তাকে সেই বিষয়ে সাপোর্ট দিয়ে এগিয়ে যেতে দেওয়া উচিত। তবে এখানে আবেগের, ছেলেমানুষীরও একটা বিষয় রয়েছে। তাই পুরো দোষ পরিবারকে দেওয়া ঠিক হবে না। তাদের কিছু কিছু জায়গায় কথাও সঠিক।

তবে দিনশেষে অধিকাংশ পরিবার তাদের ইচ্ছে অনুযায়ী ছেলেমেয়েদেরকে সফল হতে দেখেন না—নানা কারণে সেই স্বপ্ন পরিপূর্ণ হয় না। আমার ভাষায়—দুটো দিকেই লস।

আজ আমি সামান্য ছবি তুলতে পারি বলেই দেখা হওয়ার সাথে সাথেই বললো—“ভাই আমার ছবি তুলে দেন।”

যেহেতু সিস্টেমজনিত সমস্যার কারণে মা-বাবা আপনার প্রিয় কাজ অপছন্দ করেন, তাহলে হতাশ না হয়ে মা-বাবা যেটার জন্য আদেশ-উপদেশ দেন সেটাই বিসমিল্লাহ বলে মন দিয়ে করা শুরু করুন। আল্লাহ ভরসা। চেষ্টা করলে তো হবে তাই না!

মা-বাবা খুশি হলেই সেটাই সবার চোখে ভেসে বেড়াবে। আপনি কি চান না আপনার মা-বাবা খুশি হোক?
তাহলে চোখ বন্ধ করে অমূল্য মা-বাবার খুশির জন্য নিজের খুশিটা খাঁচায় বন্দি করে সমুদ্রে ফেলে দিন।

মা-বাবাকে পরিপূর্ণ খুশি করুন। আশা করি সেই খাঁচাবন্দি খুশিটা আবার আপনার কাছেই ফিরে আসবে। পরিশেষে পরিবারের সবাই মিলে হাসবেন ইনশাআল্লাহ।

কোথায় যেন ছিলাম… ওহ হ্যাঁ—
ওদেরকে বিদায় দিয়ে আমিও আমার মতো করে সামনের দিকে এগুতে থাকলাম।নৌকা, ট্রলার, স্পিডবোট, ভ্যান, মোটরবাইক—সবাই সবাইকে যার যার গন্তব্যে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। কেউ কারোর সাথে যাচ্ছে না।

আসলে কি আমরা সবাই একা?

হতেই পারে। একা এসেছিলাম, একাই তো চলে যেতে হবে।এই তো জীবন!!

সমুদ্রের উপর দাঁড়িয়ে থাকা ব্রিজের দেয়ালে দাঁড়িয়ে রইলাম নিশ্চুপ হয়ে। তাকিয়ে রইলাম দূর সমুদ্রে।হঠাৎ চোখে পড়লো ঢেউয়ের মনোরম দোলা—একবার আমার কাছে আসছে, আবার দূরে চলে যাচ্ছে।

সে কি আমাকে কিছু বলতে চাচ্ছে? নাকি আমাকে তার সাথে নিয়ে যেতে চাচ্ছে?

সমুদ্র তো শুধু আওয়াজ করতে পারে—তার ভাষা বড় কঠিন! আমার পক্ষে তার ভাষা বোঝা অসম্ভব।ভাষা না বুঝতে পারার অশান্তি লাগছিল খুব। প্রিয় মানুষ কিংবা অপ্রিয় মানুষের কথা না বুঝলে আমার ভালো লাগে না।
তখন চুপচাপ বসে থাকি—ঠিক কালো বকের মতো।

সমুদ্রের তীব্র বাতাসের ধাক্কায় মনখারাপ আর থাকতে পারলো না। মিষ্টি বাতাসের ছোঁয়ায় কোমল হৃদয় জাগ্রত হয়ে উঠছিল বারবার।তীরহারা সমুদ্রের দিকে তাকিয়ে দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস নিলাম।

যতদূর জানি সমুদ্রের কোমল বাতাসে থাকে—
পরিষ্কার অক্সিজেন, নেগেটিভ আয়ন।
এগুলো আমাদের শ্বাসনালী সতেজ করে, ফুসফুসকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। মানসিক চাপ কমায়।

ঢেউয়ের অমায়িক শব্দ, বড় খোলা আকাশ—মস্তিষ্ককে শান্ত করে, উদ্বেগ কমায়, মন হালকা লাগে। হৃদযন্ত্র ও রক্তচাপের জন্যও ভালো। এমন জায়গায় গভীর শ্বাস নিলে হার্টবিট স্বাভাবিক হয়, শরীর রিল্যাক্স মোডে চলে যায়।মনোযোগ ও চিন্তার স্বচ্ছতাও বাড়ে।

সুযোগ পেলে সমুদ্রের পাশে দাঁড়িয়ে নতুন চিন্তা বা সিদ্ধান্ত নেওয়া যায়।অনেকে বলেন—
সমুদ্রের সামনে দাঁড়ালে মনে হয় সব দুঃখ ঢেউয়ে ভেসে যাচ্ছে।এটা শতভাগ সত্য।

মনটা ফুরফুরে হয়ে উঠলো।ধীরে ধীরে এগিয়ে ঘাটের ব্রিজের শেষ প্রান্তে এসে কাঠের সিঁড়িতে বসে পড়লাম।সন্ধ্যা হয়ে গেল। সূর্য মামা সমুদ্রের তলদেশে ফিরে গিয়ে চারদিক অন্ধকার করে দিলো।

আচ্ছা, সবাই কেন আমাদের ছেড়ে চলে যায়?
কেউ কি আমাদের সাথে থেকে যাবে না?

সত্যি বলতে আমি এই পরিবেশটাই চাচ্ছিলাম। অন্ধকার বাড়ছে, শীতল বাতাস বইছে।
আহ সুবহানআল্লাহ!
কত মনোমুগ্ধকর পরিবেশ!লোহার দেয়ালে হেলান দিতে যেয়ে চোখে পড়লো—চন্দ্রমামা বেরিয়ে আসছে, রঙটা ছিল কমলা।চাঁদকে দেখার পর সাথে সাথেই ওকে জিজ্ঞেস করলাম—

আচ্ছা চাঁদ, তুমিও কি আমায় ছেড়ে চলে যাবে?

চাঁদের দিকে টগবগে চেয়ে আছি ঠিকই, কিন্তু আমার কথার কোনো জবাব সে দিচ্ছে না! কয়েকবার জিজ্ঞেস করার পরও কোনো উত্তর পেলাম না।

আমার চাওয়ার মধ্যেই কালো মেঘ এসে তাকে ঢেকে দিলো, তাকে নিয়ে গেলো আমার কাছ থেকে!সেও কোনো কিছু না বলেই আমার কাছ থেকে চলে গেলো!!
তুমি যদি চলেই যাবে, তাহলে আসলে কেন এলে? কেন আমাকে তোমার মায়ায় জড়ালে বলো?

দুঃখের ভাগ যদি না-ই নেবে, তাহলে দুঃখ দিলে কেন?আমি বামন হয়েও তোমার দিকে হাত বাড়িয়েছি—এটাই কি আমার অপরাধ?

জানি না তোমার মতো এত সুন্দর, এত বড় হতে পারবো কি-না; তবে আমি চেষ্টা করবো, ধৈর্য ধরবো, অপেক্ষা করবো।আমি আশা করছি—কালো মেঘও সঠিক সময়ে আমার কাছে আসার পথে তোমার পথে বাঁধা হয়ে দাঁড়াবে না।

তুমি সবকিছু ভেদ করে আলোর গতিতে আমার কাছে ছুটে আসবে।

ছুটে আসবে সেই কারণে—কারণ আমার মতো করে তোমার পাশে কেউ থাকবে না, আমার মতো করে তোমার জন্য কেউ চিরকাল অপেক্ষা করবে না, এই যাযাবরের মতো তোমাকে কেউ বুঝবে না।
তাই তুমি ফিরে আসবে।

অবশেষে আকাশের কালো মেঘ চাঁদকে আমার কাছ থেকে নিয়ে গেলো।সমুদ্রের কাছে গিয়ে বুঝলাম-একাকিত্ব কখনো শূন্যতা নয়; কখনো তা আত্মাকে নতুন করে চিনে নেওয়ার এক অপূর্ব সুযোগ।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো এক অচেনা, অসীম সমুদ্রের পারে।

আল্লাহ হাফেজ।

লেখক পরিচিতি

জুনায়েদ আহমেদ

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।