ষাটের দশকে বাংলা সাহিত্য

১৯৫৮ সালের সামরিক শাসন জারি করার পরে এক অবসাদগ্রস্থতা ঘিরে ধরে পূর্ব পাকিস্তানকে। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচনের আবেগ ততদিনে ফিকে হতে থাকে। ঠিক এই সময়ে টুটি চেপে ধরা সমাজে অপরিমেয় শক্তি নিয়ে নক্ষত্রের মত আবির্ভূত হয় কিছু সাহিত্য-পাগল শ্রেণী। যারা নিজেদের সৃজনশীল সৃষ্টি নিয়ে স্বর্গ-মর্ত্যে একইসাথে তুমুল আলোড়ন সৃষ্টি করতে থাকেন যা যুগের চাহিদার প্রেক্ষিতে প্রায় রেঁনেসার সমপর্যায়ের। তাদের সৃষ্টিশীলতার মধ্য দিয়ে উন্মাতাল হয়ে উঠে পুরো দেশ। আল মাহমুদ, আহমদ ছফা, শামসুর রাহমান, রফিক আজাদ, আব্দুল মান্নান সৈয়দ, আসাদ চৌধুরী, সেলিনা হোসেন প্রমুখের মতো বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রের আলোতে সব অঙ্গন আলোকিত হতে থাকে। তাঁদের হাত ধরে এই দশকে বাংলা সাহিত্য নানামুখী মাত্রা লাভ করে। এই সময়ে সাহিতের বিভিন্ন সৃষ্টিকর্মে ৫০ এর দশক ও ৫০'র দশক পূর্ববর্তী সময়ের প্রভাব লক্ষ্যণীয় এবং সেই সময়কার অস্থির-অস্থিতিশীল পরিস্থিতিও প্রভাবক হিসেবে কাজ করেছিল। তবে এই প্রভাবের মাত্রা কত গভীর তা একটি বিশ্লেষণ ছাড়া মন্তব্য করা মুশকিল। বিনায়ক সেন তার 'ষাটের দশকের কবিতা ও আমাদের আধুনিকতা' প্রবন্ধে এই বিষয়টিকে পর্যালোচনা করতে গিয়ে লিখেন, '...পঞ্চাশের দশকে যার শুরু, কিন্তু গোটা ষাটের দশক জুড়েই যার বিরতিহীন চর্চা চলেছে পতনে ও উত্থানে, অবক্ষয়ে ও বিদ্রোহে, স্বাক্ষরে ও বক্তব্যে, এক বিচিত্রবিধ কণ্ঠস্বরে ধ্বনি-প্রতিধ্বনি তোলে। ষাটের প্রথম ভাগের রচনাগুলিকে তাই শুধু অবক্ষয়ের পাঠ হিসেবে দেখা চলে না, যেমন চলে না ষাটের দ্বিতীয় ভাগের রচনাগুলিকে কেবল বিদ্রোহের চিহ্ন হিসেবে।'(১)
ষাটের দশকের শুরুর দিকের আলোচনাগুলো সমাজ-রাজনীতি ইত্যাদি গণ্ডিবদ্ধ হওয়া একটি স্বাভাবিক পরিবর্তন হিসেবে সকলে গ্রহণ করে নেন এই দশকের ঘটনাপ্রবাহের কারণে। এবং ষাটের দশকের শেষভাগে সাহিত্যে আরেকটি পালাবদল লক্ষ্য করা যায় যা ঘন তিমিরের পরে রাঙা সূর্যের আবির্ভাবের মতো এই দশকের শুরুর 'অবক্ষয়ের কালিমা' মুছে দিতে সক্ষম হয়। ষাটের দশকের দ্বিতীয়ভাগে ছয় দফা আন্দোলন, গন-অভ্যুত্থান, পরবর্তীতে সত্তরের নির্বাচন, জলোচ্ছ্বাসের কবলে মানুষের মৃত্যু ছাড়াও এই সময়ে কিছু আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ দেশীয় সাহিত্য রচনার গুরুত্বপূর্ণ প্রভাবক ছিল। এই দশকে পূর্ব-বাংলার কবিচেতনার সমগ্রতা জুড়ে ছিল একটি প্রগাড় দেশাত্মবোধ, আত্মজৈবনিকতা, একটি ভূখণ্ডকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সকল মতের এবং পথের যাত্রীরা একই আকাঙ্ক্ষাকে লালন করে এগিয়ে যাওয়ার পথ ধরেছিলেন। তবে মত ও পথ নানানরকম হওয়ায় কাজটি ছিল দুরূহ কিন্তু পরিস্থিতি এ যাত্রার গন্তব্যস্থান নির্ধারণ করে দিয়েছিল। শুধুমাত্র কবিই নন, নানা শ্রেণী পেশার মানুষ তাদের নিজেদের জায়গা থেকে এই যাত্রায় অংশ নিয়েছিলেন।
ষাটের দশক সম্পর্কে হায়াৎ সাইফ লিখেছেন, 'ষাটের দশকে ছিল নানাবিধ আন্দোলন এবং একটা ভবিষ্যতের স্বপ্নকে দীর্ঘ সময় ধরে লালন করবার অভিজ্ঞতা ও আশায় বুক বাঁধবার শক্তি। সদ্য উদ্ভূত মধ্যবিত্ত তখন শিক্ষা-দীক্ষায় এই ভূখণ্ডে জেগে উঠছে এবং তার আত্মশক্তির উদ্বোধনও ঘটেছে। স্বৈরাচারকেও তাঁরা প্রত্যক্ষ করেছিলেন এবং সরাসরি অভিজ্ঞতায় দেখেছিলেন নব্য সাম্রাজ্যবাদের সমূহ উত্থান ও বিপুল আগ্রাসন। তাঁরা দেখেছিলেন বাঙালি সংস্কৃতিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র এবং তার বিরুদ্ধে তাঁরা সাংস্কৃতিকভাবে রুখে দাঁড়িয়েছিলেন একটা স্বোপার্জিত নান্দনিক উচ্চাকাঙ্ক্ষা আত্মশক্তি ও আদর্শ নিয়ে। সেই সময়ে ভিনদেশের নানাবিধ সাহিত্যিক আন্দোলনও তাঁদেরকে বেশ প্রভাবিত করেছিল।’ কবিতা কিংবা গনসংগীত রচনায় ষাটের দশকের দ্বিতীয় ভাগে রাজনৈতিক-সাংস্কৃতিক গণজাগরণ তৈরী হয়। অবাস্তব কথার ফুলঝুরি থেকে পূর্ব বাংলার কাব্য চেতনায় 'কঠিন কঠোর গদ্য' কায়েম হয়। এ বিচারে তখনকার কবিতাগুলোকে বলা যায় সংগ্রামমুখর কবিতা। ঊনসত্তরের গনঅভ্যুত্থান সকলের মধ্যে নতুন চেতনা, নতুন কর্ম পদ্ধতি ভিন্নভাবে ভাবিয়ে তুলে। এমন আত্মোপলব্ধি হেলাল হাফিজের কবিতায় ফুটে উঠে এভাবেঃ 'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।' সব জায়গায় ধ্বনিত হতে থাকে একই সুর, একই বিণা। জাগরণের এই উদ্দীপনা সত্তরের দশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম ভূমিকা রেখেছে। ষাটের দশকের এই শেষ সময়ে রাজনীতি, সংস্কৃতি ইত্যাদি মিশ্র হয়ে গিয়েছিল। এবং এই সময়টা ছিল ইতিহাসের প্রথম সকল কবিদের একই উদ্দেশ্যে মিলিত হওয়ার সময়। বস্তুত, পরিস্থিতি তাদের বাধ্য করেছিল একই ভাবধারায়, বলিষ্ঠ উচ্চারণে, শাণিত শপথে মিলিত হতে।
ষাটের দশকের শেষভাগ নিয়ে আহমদ রফিক তার 'বাংলাদেশি কবিতার পালাবদল ও ভবিষ্যৎ সম্ভাবনা' প্রবন্ধে লিখেছেন, 'অভাবিত হলেও সত্তরের দামামা বাজার পূর্বাহ্নে এদেশের কবিতায় এমন ঘণ্টাধ্বনিও শোনা গেছে আবার ‘সমাজমানসের মৃদুতম পরিবর্তন কবিতার শরীরে অনুভূত হয়ে’ প্রকাশ পেয়েছে। এভাবে ষাটের দশকের কবিতা বিচিত্র-ভাব প্রকাশের পথ ধরে চলেছে। তবে একথাও ঠিক যে, এই বিচিত্র-ভাবনা ও অবস্থান থেকেও ষাটের দশকের একেবারে শেষদিকে বাংলাদেশের কবিতার অংশবিশেষ রক্তচিহ্নিত পাথরটাকে ছুঁয়ে গেছে, জাতিসত্তার সম্মানে একমুঠো ঘাসফুল নিয়ে।'(২) একই প্রবন্ধে বাংলা সাহিত্যে পরিবেশ-পরিস্থিতির প্রভাব সম্পর্কে তিনি লিখেছেন, 'বাতাসে মুক্তির ডাক; সে-ডাক কবিকে নানাভাষ্যে তাৎপর্যময় করে তুলতে হয়েছে যেমন সামাজিক দায়বদ্ধতায়, তেমনি যোদ্ধাদের আবেগ ও শক্তি অগ্রযাত্রায় নিশ্চিত করতে। তাই কবিতার সামূহিক ক্যানভাসটি সাজানো হয় হাজার রক্তবিন্দু বা অগ্নিকণার সাহায্যে। রাজনৈতিক মতভেদ চেতনায় ছাপ ফেলে না, চেতনাকে ভিন্নমুখী হতে দেয় না। জাতীয় দুর্যোগ কবি-শিল্পী ও লেখক-বুদ্ধিজীবীদের এভাবে প্রাণিত করে, যাত্রার পথ নির্দিষ্ট করে দেয়। বিশ্বের নানা দেশের ঘটনাও লেখক-শিল্পীদের চেতনায় এভাবেই চিহ্নিত হয়েছে। বিশ্বযুদ্ধ বা আঞ্চলিক যুদ্ধ, তিরিশের দশকে সংঘটিত গণতন্ত্রী স্পেনের গৃহযুদ্ধ এভাবেই প্রতিটি দেশের কবি-লেখক-শিল্পীদের তাড়িত করেছে তাঁদের নির্দিষ্ট সৃষ্টিকর্মে। একাত্তরে বাঙালি কবি-লেখক এদিক থেকে ভিন্ন ছিলেন না। এভাবেই জন্ম নিয়েছিল স্বাধীনতাযুদ্ধের প্রত্যয়-চিহ্নিত কবিতা, যা পরে মুক্তিযুদ্ধের কবিতা হিসেবে চিহ্নিত হয়ে একটি কাব্যধারা সৃষ্টি করে।'(৩)
ষাটের দশকের কবিতা, কবি এবং সর্বোপরি সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে যে নামটি অবশ্যয় আসে সেটি হলো শামসুর রাহমান। শামসুর রাহমানকে ছাড়া ষাটের দশকের সাহিত্যের বিশ্লেষণ প্রায় অসম্ভব। ১৯৫৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয়। এরপর ষাটের দশকে তার সাড়া জাগানো কাব্যগ্রন্থ: রৌদ্র করোটিতে(১৯৬৩), বিধ্বস্ত নীলিমা(১৯৬৬), নিরালোকে দিব্যরথ(১৯৬৮) ইত্যাদি প্রকাশিত হয়। তার প্রথম ও দ্বিতীয় কাব্যগ্রন্থ চরিত্রের দিক থেকে প্রায় একই এবং এসকল কাব্যগ্রন্থের মূল আলোচ্য বিষয় ছিল রাজনৈতিক, অর্থনীতিক, সাংস্কৃতিক মুক্তি ও সংগ্রাম। ঊনসত্তর সালে জানুয়ারিতে যখন সামরিক শাসনবিরোধী আন্দোলন সংগ্রামে ঢাকার হৃদয়মাঠ প্রকম্পিত হচ্ছিল এবং আসাদুজ্জামানকে গুলি করে হত্যা করা হয় ঠিক তখন আসাদের রক্তে রঞ্জিত শার্ট নিয়ে মিছিল করেন উন্মত্ত ছাত্রজনতা। এই মিছিলটি শামসুর রাহমানের মনে দাগ কাটে। তিনি লিখেছেন,
'আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখন্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।'(আসাদের শার্ট)
এছাড়া তার 'পুলিশ রিপোর্ট' কবিতায় তিনি লিখেন,
'হঠাৎ সে কোন তরুণের বুকের গভীর থেকে
কী যেন ফিনকি দিয়ে ছোটে, পড়ে আমার দু’হাতে।
রক্ত এত লাল আর এমন গরম
কখনো জানিনি আগে, ব্যারাকে পৌঁছেই ঘন ঘন
ধুই হাত ঘষে ঘষে' (কবিতাঃ পুলিশ রিপোর্ট, কাব্যগ্রন্থঃ নিজ বাসভূমে)
আবুল হাসনাত তার প্রবন্ধ 'শামসুর রাহমানের কবিতায় সময়- চেতনা'য় শামসুর রাহমানের সময়পর্ব বিশ্লেষণ করে লিখেন, 'তিনি বাঁক ফেরেন ষাটের দশকের রাজনৈতিক-সামাজিক আন্দোলনের প্রভাবেই। এই বাঁক ফেরার ও বিবর্তনের সঙ্গে শামসুর রাহমান গভীর অনুরাগে ও অঙ্গীকারে জড়িয়ে পড়েন ষাটের দশকের প্রভাবসঞ্চারী আন্দোলনের সঙ্গে; প্রতিদিনের রাজনৈতিক সংগ্রাম প্রত্যক্ষণ ও এই আন্দোলনের অন্তর্নিহিত আবেদন তাঁর কবিসত্তাকে ভিন্নভাবে বিকশিত ও উচ্চ মানে অধিষ্ঠিত করে; তাঁর কাব্য প্রতিভার স্ফূরণ হয়েছিল এক দশক আগে। তিনি ছিলেন নিম্নস্বরের মৃদু উচ্চারিত নৈঃসঙ্গ্যপীড়িত কবি, এই আন্দোলনে দুর্মর চেতনা নির্মীয়মাণ প্রয়াসে নবীন ভূখ– অভ্যুদয় ও বাঙালি সমাজের স্বপ্ন-আকাঙক্ষার নবীন প্রতীক হয়ে উঠেছিল। এ অনুধাবনে আমাদের এতটুকু দ্বিধা হয় না।'(৪) এ থেকে আমরা সহজে মন্তব্য করতে পারি, এই দশকে সাহিত্যের বিভিন্ন সৃষ্টিকর্ম থেকে শুধু মুক্তিকামী মানুষেরা স্বপ্নে জাল বুনেছে এমনটা নয় পাশাপাশি, কবি সাহিত্যিকেরা তাদের লেখনির রসদ পেয়েছে, তাদের পঙ্কক্তিকে ক্ষুরধার করে নিয়েছে চলমান ঘটনা প্রবাহের উত্তাল মুহুর্তগুলো থেকে। এই সময়ে শামসুর রাহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত 'ফেব্রুয়ারি ১৯৬৯' সহ বেশকিছু কবিতা সেই সময়ে মানুষকে দারুন উজ্জীবিত করেছিল। কেননা, সেই সময়ে শামসুর রাহমানের কাব্য রচনা চলতি সময়ের প্রতিবাদ, সংগ্রামমুখর পরিস্থিতি দ্বারা প্রভাবিত ছিল। সময়চেতনার দিক থেকে ঊনসত্তরের জানুয়ারি মাসে গনঅভ্যুত্থানে যেমন এই কবিতাগুলো প্রতিবাদের ভাষা হিসেবে মুখরিত হয়েছে তেমনি এরপরের মাস অর্থাৎ ফেব্রুয়ারি, ভাষার মাস উদযাপন করতে গিয়ে তার কবিতা সংগ্রাম-প্রতিবাদের অন্য নাম হিসেবে মানুষকে উদ্দীপিত করেছে।
মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক পটভূমি তৈরীর কারিগর, সেই সময়ের আরেকজন শক্তিশালী লেখক হলেন শহীদুল্লাহ কায়সার। তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস 'সংশপ্তক' প্রকাশিত হয় ষাটের দশকের মাঝামাঝি সময়ে। শ্রেণি-সংগ্রাম, অসাম্প্রদায়িকতা, সামন্ততান্ত্রিক প্রথার বিরুদ্ধে নারীর বিদ্রোহ- সব মিলিয়ে সংশপ্তক উপন্যাসটি আমাদের স্বাধীনতা আন্দোলনের সাংস্কৃতিক পটভূমি অলক্ষ্যে নির্মাণ করে দেয়।
তাঁর এই উপন্যাসের বিষয়বস্তু পরবর্তীতে অন্য লেখকদের মাঝে সঞ্চারিত হতে দেখা যায়।
ষাটের দশকের প্রচার বিমুখ শক্তিশালী একজন লেখক, সমালোচক হলেন কবি হায়াৎ সাইফ। হায়াৎ সাইফের কবিতায় ষাটের দশকের ঘটনা উঠে এসেছে সুরমূর্ছনায়। কারন তিনি স্বৈরাচারকে প্রত্যক্ষ করেছিলেন এবং উপলব্ধি করতে পেরেছিলেন দেশীয় সংস্কৃতিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। আর এই বুঝতে পারা থেকেই তৈরী হয় তার রুখে দেওয়ার মানসিকতা। এই মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে তিনি লিখেছেন,
‘আদ্যন্ত ধরাশায়ী কাটাগাছ বিশুষ্ক মাটিতে কাঁদে
বৃষ্টি নেই গুঁড়ো ওড়ে করুণ কা- থেকে কঠিন করাতে
প্রভাতফেরীও ফেরে কেন্দ্রীয় শহীদ মিনারে ক্লান্ত হয় সুর
খিন্ন খঞ্জনার মতো শোভাযাত্রা থামে
উচ্ছ্বাস উদ্দামতা প্রশমিত হ’য়ে আসে মুমূর্ষু বাতাসে
আর, বার বার ফিরে আসে অনন্য ফাল্গুন
ঐ এক সুখ,
কেননা দৃষ্টি ফিরায়ে দ্যাখো পাতার ভিতরে ছিলো
আজ যৌবন ছুঁয়েছে তার বুক
নৃত্যের মতোন তাই রক্তে বাজে বিদগ্ধ বেহাগ’ (গাছকাটা)
বাংলা সাহিত্যকে নগর থেকে গ্রাম, সবজায়গায় নিয়ে গিয়েছেন পূর্ব বাংলার আরেকজন সাহিত্যিক তিনি হচ্ছেন সেলিনা হোসেন। ইতিহাস ঐতিহ্যের আদলেই তিনি সাহিত্যকর্ম নির্মাণ করতেন। বায়ান্নর ভাষা আন্দোলন তার অনন্য লেখার ধরণের মধ্য দিয়ে নতুন মাত্রা তৈরী করে। তাঁর লেখনিতে বাংলাদেশের মানুষ, রাজনৈতিক-সামাজিক ইতিহাস ঐতিহ্য ইত্যাদি মুখ্য অনুষঙ্গ হিসেবে আমরা পাই। ষাটের দশকে তার 'উৎস থেকে নিরন্তর' গল্পগ্রন্থটি প্রকাশিত হয়।
সেলিনা হোসেনের পাশাপাশি ষাটের দশকে আরও কয়েকজন ছোটগাল্পিক সাহিত্য সাধনায় মগ্ন হন, তাঁদের মধ্যে মাহবুব তালুকদার, আখতারুজ্জামান ইলিয়াস, আহমদ ছফা, আব্দুল মান্নান সৈয়দ, কায়েস আহমদ উল্লেখযোগ্য। বিংশ শতকের ষাটের দশক বাংলাদেশের ইতিহাসে এক উন্মাতাল সময়। ষাটের দশকের ছোটগল্পে পরিবেশ পরিস্থিতির প্রভাব সম্পর্কে বিশ্বজিৎ ঘোষ তার 'বাংলাদেশের ছোটগল্প: ষাটের দশক'-এ লিখেন, 'আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক কারণে এ-সময়ের বাংলাদেশ ছিল বিক্ষুব্ধ, আলোড়িত, আন্দোলিত এবং স্বাধিকার চেতনায় উন্মথিত। এই সময়খণ্ডে রচিত সাহিত্যে সংক্ষুব্ধ-উন্মথিত বাংলাদেশের নানামাত্রিক ছবি শিল্পিত হয়ে আছে। এ-কথা উক্ত কালপর্বে রচিত বাংলাদেশের ছোটগল্প সম্পর্কেও সমানভাবে প্রযোজ্য। দেশ বিভাগ-পরবর্তী বাংলাদেশের ছোটগল্পের উত্তরাধিকারকে আত্মস্থ করেও ষাটের ছোটগাল্পিকরা অঙ্গীকার করলেন নানামাত্রিক নতুন প্রবণতা। এ-কথা অনস্বীকার্য যে, ষাটের দশকে বাংলাদেশের গল্পসাহিত্যে সূচিত হয় একটি নতুন স্রোত। আর্থ-সামাজিক-রাজনৈতিক কল্লোল আর সংক্ষোভের পটে রচিত এ-কালের গল্প প্রকৃত অর্থেই উদ্ভাসিত করেছে ষাটের উন্মাতাল বাংলাদেশকে, বাংলাদেশের সংক্ষুব্ধ জনগোষ্ঠীকে।'(৫)
এসময় আখতারুজ্জামানের বর্ণনায় পুরান ঢাকার মানুষের জীবনসংগ্রাম পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে। যা ছোট গল্পের মাধ্যমে এর আগে কেউ দেখাতে পারেনি। বিশ্বজিৎ ঘোষ তার 'বাংলাদেশের ছোটগল্প: ষাটের দশক' প্রবন্ধে আখতারুজ্জামানের এই সময়কার সাহিত্যকর্মের পর্যালোচনা হাজির করে লিখেন, 'নেতি দিয়ে শুরু করে আখতারুজ্জামান ইলিয়াস তাঁর চরিত্রকে সমাপ্তিতে পৌঁছে দেন ইতির রাজ্যে। ডিটেইলস তাঁর গল্পে উঠে আসে অবলীলায়। তবে কখনো কখনো এক গল্পের মধ্যে একাধিক উপগল্প পীড়িত করে মূল গল্পস্রোতকে।'(৬) এক্ষেত্রে আখতারুজ্জামান ইলিয়াস রচিত, 'রেইনকোট' ছোটগল্পটি প্রণিধানযোগ্য।
কবিতা, উপন্যাস,ছোটগল্প ছাড়াও 'লিটল ম্যাগাজিন' ভাষা আন্দোলন, ঊনসত্তরের গনঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ইত্যদিকে প্রভাবিত করেছিল এবং প্রতিবাদ-সংগ্রামকে এগিয়ে নিতে সাহায্য করেছিল। ষাটের দশকে বেশ অনেকগুলো লিটল ম্যাগাজিন সম্পাদিত হতো এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ম্যাগাজিন হলো: সিকান্দার আবু জাফর সম্পাদিত 'ষাটের দশকে সমকাল', আব্দুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত 'কণ্ঠস্বর', মাযহারুল ইসলাম সম্পাদিত 'উত্তর অন্বেষা' সিরাজুল ইসলাম চৌধুরী সম্পাদিত 'পরিক্রম' ইত্যদি উল্লেখযোগ্য।
ষাটের দশকে উন্মাতাল রাজনৈতিক, সামজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিস্থিতির কারনে স্বাভাবিকভাবে পূর্ব বাংলা ছিল আপন আলোয় আলোকিত হওয়ার চেতনায় উন্মথিত, আন্দোলন সংগ্রামে মুখরিত। তাই এই দশকের নানা সময় পর্বে সাহিত্যের নানারকম প্রকরণগত দিক উন্মোচিত হলেও কাব্যচেতনার যে নির্ধারিত, অনিঃশেষ দায়িত্ব তা বাংলা কবিতা পালন করেছিল এবং এ দায়িত্ব পালন করতে গিয়ে নানা ঘাত প্রতিঘাতের মুখোমুখি হতে হয়েছিল। এ ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হওয়া কিংবা প্রতিবাদ-সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাব্য সাহিত্য, উপন্যাস, ছোট গল্প, লিটল ম্যাগাজিন ইত্যাদি এক করলে এই সময়কালকে বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ সময়ের একটি হিসেবে উল্লেখ করা যায়। এবং এ সময়ে যে সকল সাহিত্য রচিত হয়েছে তার মূখ্য উপজীব্য বিষয় ছিল ওই স্বৈরশাসকের পতন, মাতৃভূমি-মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়, আত্মজৈবনিকতা, দেশাত্ববোধ ইত্যাদিতে মুখর। এভাবে বাংলা সাহিত্য পঞ্চাশের দশক থেকে প্রত্যেকটি কালপর্বকে যথোপযুক্তভাবে প্রতিনিধিত্ব করতে করতে ঘাত এবং প্রতিঘাতের মধ্য দিয়ে সাবালকত্ব লাভ করেছে। আর বাংলার মানুষ পেয়েছে নিজেদের ভূমির প্রতিনিধিত্ব করা নিজেদের আপন কিছু লেখক। যাদের প্রতিনিধিত্বের মধ্যে ষাটের দশকের উত্তপ্ত ঘটনাপ্রবাহকে ধারণ করা, এগিয়ে নিতে সহযোগিতা করা এবং লেখনির মাধ্যমে দলিলভুক্ত করা বাংলা সাহিত্যের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান হিসেবে চিহ্নিত হয়।
তথ্যসূত্রঃ
১) https://binayaksenbd.com/2019/01/25/ষাটের-দশকের-কবিতা-ও-আমাদে/ প্রকাশকালঃ জানুয়ারি ২০১৯
২) https://www.kaliokalam.com/বাংলাদেশি-কবিতার-পালাবদল/ প্রকাশকালঃ মার্চ ২০১৭
৩) প্রাগুক্ত
৪) https://www.kaliokalam.com/শামসুর-রাহমানের-কবিতায়/ প্রকাশকালঃ নভেম্বর ২০১ ৯
৫) https://www.kaliokalam.com/বাংলাদেশের-ছোটগল্প-ষাটে/ প্রকাশকালঃ জুন ২০১৮
৬) প্রাগুক্ত



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।