মানসা মুসার ঐতিহাসিক হজ্জ যাত্রা

ইসলামে হজ্জ অনেক গূরত্বপূর্ণ একটি ইবাদত। ধনী সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে একবার হলেও হজ্জ ফরজ। প্রত্যেক মুসলমানের মনেই সুপ্ত্র বাসনা থাকে জীবনে একবার হলেও হজ্জ পালন করার। প্রতিবছর লক্ষ লক্ষ হাজি হজ্জ পালন করেন। হজ্জ পালন করেন নানা বর্ণ, গোত্রের মানুষ। ইতিহাসে হজ্জ পালন করেছেন অনেক বিখ্যাত মানুষজন। তবে হজ্জ পালন করে বিখ্যাত হয়েছেন এক সম্রাট। আফ্রিকা মহাদেশের দেশ মালির শাসক 'মানসা মুসা।' ঘটনাটি আজ থেকে প্রায় সাতশ বছরের পুরোনো।
আফ্রিকার মালি সম্রাজ্যের সম্রাট ছিলেন মানসা মুসা। যিনি ইতিহাসের অন্যতম তীর্থযাত্রা রচনা করেন। ১৩২৪ থেকে ১৩২৫ সালে তিনি হজ্জ যাত্রায় বের হন। মালিতে তার রাজত্বকাল ছিল ১৩১২ থেকে ১৩৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। তার শাসনামলকে মালি সম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। এই মুসলিম সম্রাট ১৩২৪ সালে হজ্জ পালনে যাত্রা শুরু করেন। আফ্রিকা থেকে মক্কায় যেতে তখন প্রায় ১ বছরের মত সময় লেগেছিল। এই দীর্ঘ পথে তিনি আফ্রিকার বিভিন্ন দেশ পাড়ি দেন। নাইজার নদী, তাঘাজা, মধ্য আফ্রিকা, মিশর পাড়ি দেন। যাত্রাপথে তার সাথে ছিল বিশাল সফরসঙ্গী। বিলাসবহুল কাফেলা। ঐতিহাসিক বিবরণ মতে তার যাত্রা আশেপাশের প্রতিটি অঞ্চলকে অবাক করে দেয়। তার সাথে ছিল শতশত উট। যা সোনার বার বহনকারী ছিল। তিনি বিশাল সম্পদ নিয়ে বেরিয়েছিলেন। তার কাফেলা এতো বিশাল ছিল যে পুরো কাফেলাটিকে একটি নির্দিষ্ট স্থান অতিক্রম করতে কয়েক দিন সময় লেগেছিল।
তার দীর্ঘ যাত্রাপথে তিনি প্রচুর দান করেছিলেন। মুসা যখন সাহারা পেরিয়ে কায়রো , আলেকজান্দ্রিয়া , মদিনা এবং অবশেষে মক্কার দিকে ভ্রমণ করেছিলেন তখন তিনি অসাধারণ উদারতা প্রদর্শন করেছিলেন। তিনি যেখানেই যেতেন দরিদ্র এবং স্থানীয় নেতাদের মধ্যে সোনা বিতরণ করতেন।বণিকদের কাছ থেকে প্রচুর পরিমাণে পণ্য কিনেছিলেন। বলা হয় যে প্রতিটি প্রধান স্থানে মসজিদ এবং প্রার্থনার স্থান নির্মাণ করেছিলেন।
কিছু ইতিহাসবিদদের মতে, তাঁর সোনার দান এতটাই বিশাল ছিল যে স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলেছিল। বিশেষ করে মিশরে,যেখানে তাঁর সফরের পর বছরের পর বছর ধরে সোনার দাম নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে বলে জানা গেছে। মিশরে পৌঁছানোর পর, মানসা মুসা তিন দিন পিরামিডের কাছে তাঁবু খাটেন। এরপর তিনি তিন মাসের জন্য কায়রোতে স্থায়ী হওয়ার আগে মিশরের সুলতানকে ৫০,০০০ দিনার উপহার পাঠান ।সুলতান মুসাকে তার প্রাসাদ ধার দিয়েছিলেন।মানসা মুসা হাজার হাজার সোনার পিণ্ড দান করেছিলেন মিশরে। যার ফলে সেখানে সোনার মূল্য ২৫ শতাংশের মতো কমে যায়।মানসা মুসা যখন হজ থেকে কায়রোতে ফিরে আসেন তখন তার টাকা ফুরিয়ে যায় এবং স্থানীয় মিশরীয় বণিকদের কাছ থেকে ধার নিতে হয়।
মানসা মুসার যাত্রা শুধু হজ্জ যাত্রাই ছিল না। এটি ছিল মানসার মুসার ঐশ্বর্য, প্রভাব ও মুসলিম বিশ্বের সাথে মালির মর্যাদা বৃদ্ধির যাত্রা। তাইতো মানসা মুসার সেই হজ্জ যাত্রা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে।
তথ্যসূত্র-
https://en.wikipedia.org/wiki/Mansa_Musa
https://aboutislam.net/family-life/culture/historic-hajj-mansa-musa-king-mali/




মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।