কাবার ডাকে

প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শখ থাকে। তেমনি আমার জীবনেও কিছু শখ রয়েছে, যার মধ্যে ভ্রমণ করা আমার সবচেয়ে প্রিয়। নতুন নতুন জায়গা দেখা ও ভিন্ন অভিজ্ঞতা অর্জন করা আমাকে সবসময় আনন্দ দেয়।
আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ভ্রমণগুলোর একটি ছিল পবিত্র সৌদি আরব সফর, যা ছিল ওমরা পালনের উদ্দেশ্যে। এই ভ্রমণটি শুধু একটি সাধারণ ভ্রমণ ছিল না, বরং এটি ছিল এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা আজও আমার হৃদয়ে গেঁথে আছে।
আমাদের এই যাত্রাটি ছিল একদমই অপরিকল্পিত, বলতে গেলে হঠাৎ করেই শুরু হয়েছিল। প্রথমে আমার বাবার একাই ওমরা করার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ তিনি সিদ্ধান্ত নেন যে আমাদের পুরো পরিবারকে সঙ্গে নিয়েই তিনি ওমরায় যাবেন। এই সিদ্ধান্ত থেকেই আমাদের ভ্রমণের সূচনা।
শুরুতে আমাদের কারোরই পাসপোর্ট ছিল না। তাই দ্রুত পাসপোর্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে আমরা পাসপোর্টের জন্য আবেদন করি এবং আলহামদুলিল্লাহ, প্রায় পনেরো থেকে ষোলো দিনের মধ্যেই আমাদের পাসপোর্ট তৈরি হয়ে যায়।
এরপর শুরু হয় ভিসা প্রক্রিয়া। বাবা একটি এজেন্সির মাধ্যমে আমাদের পাসপোর্ট জমা দিয়ে ভিসার জন্য আবেদন করেন। কিছুদিন পর আমাদের ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য ডাকা হয়। আমরা চারজন আমি, আমার মা, বাবা এবং ছোট ভাই একসাথে সেখানে যাই। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে আমাদের যাত্রার তারিখ ঠিক হয় ১৬ জানুয়ারি ২০২৪।
যাত্রার আগে আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে থাকি। ওমরার জন্য ইহরামের কাপড়, পাঞ্জাবি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সবকিছু গুছিয়ে ফেলি। আমাদের ফ্লাইট নির্ধারিত ছিল ১৬ জানুয়ারি, তাই আমরা ১৫ জানুয়ারি বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর কাছাকাছি একটি হোটেলে রাত কাটাই, যেখানে সার্ভিসও বেশ ভালো ছিল।
পরের দিন সকালে আমরা হোটেলের ট্রান্সপোর্টে করে এয়ারপোর্টে পৌঁছাই। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের ফ্লাইট কিছুটা দেরি হয়েছে। এরপর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকি এবং লাগেজ চেক-ইন সম্পন্ন করি। আমাদের সাথে একজন গাইড ছিলেন, যিনি আমাদের পুরো প্রক্রিয়ায় সহায়তা করছিলেন।
অপেক্ষার ফাঁকে আমরা এয়ারপোর্টের নামাজের স্থানে গিয়ে নামাজ আদায় করি এবং ইহরামের কাপড় পরে নেই। তখন আমাদের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল একদিকে আনন্দ, অন্যদিকে এক ধরনের আবেগ।
অবশেষে বিমানে ওঠার সময় আসে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা বিমানে উঠি। এটি ছিল আমার জীবনের প্রথম বিমান ভ্রমণ, তাই মনে একসাথে আনন্দ ও কিছুটা ভয় কাজ করছিল। যখন বিমানটি ধীরে ধীরে আকাশে উড়তে শুরু করল, তখন মনে হচ্ছিল আমি যেন এক নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যাচ্ছি।
কিছু সময় পর আমরা মেঘের উপর দিয়ে উড়তে থাকি, যা আমার জন্য ছিল এক অবিস্মরণীয় দৃশ্য। প্রায় ছয় ঘণ্টা ভ্রমণের পর আমরা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছাই। সেখানে নেমে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাই, যেখানে আমাদের জন্য আগেই পরিবহনের ব্যবস্থা করা ছিল।
প্রায় ছয় ঘণ্টার বিমান ভ্রমণের পর আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। জেদ্দা থেকে মক্কায় পৌঁছাতে আরও প্রায় দুই ঘণ্টা সময় লাগবে শুনে কিছুটা বিরক্ত লাগছিল। দীর্ঘ সময় বসে থাকার কারণে শরীরটাও বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল। তবে সবকিছুর পর অবশেষে আমরা মক্কাতে পৌঁছাই।
আমাদের জন্য আগে থেকেই একটি হোটেল বুক করা ছিল, যার নাম ছিল "তাওহিদ আস্ সালাত"। আমাদের গাইড (মোয়াল্লেম) এই সব ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি খুবই সহানুভূতিশীল ও সাহায্যপরায়ণ ছিলেন। আমরা হোটেলের প্রায় ১৪ তলায় একটি রুমে উঠি, যেখানে চারটি বেড ছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা ওমরা আদায়ের উদ্দেশ্যে আবার বের হয়ে পড়ি যেহেতু আমরা এহরাম বাধা অবস্থায় ছিলাম।
হোটেল থেকে মসজিদ আল হারাম এ যেতে প্রায় ১০–১৫ মিনিট সময় লাগত। আমরা হেঁটে হেঁটে হারাম শরীফের দিকে যাত্রা করি। তখন আমাদের সবার মধ্যেই এক ধরনের উত্তেজনা ও আনন্দ কাজ করছিল—কারণ আমরা প্রথমবারের মতো কাবা শরীফ তাওয়াফ করতে যাচ্ছি।
হারাম শরীফে প্রবেশ করার পর একটি গেট অতিক্রম করতেই প্রথমবারের মতো কাবা শরীফ চোখে পড়ে। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি। জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমি অভিভূত হয়ে পড়ি।
এরপর আমরা দুই রাকাত নফল নামাজ আদায় করি এবং তাওয়াফ শুরু করি। প্রচুর ভিড় থাকলেও আমরা ধীরে ধীরে সাতবার কাবা শরীফ তাওয়াফ সম্পন্ন করি। আমার ছোট ভাইটি ভিড়ের মধ্যে হাঁটতে কষ্ট পাচ্ছিল, তাই আমি তাকে কাঁধে নিয়েই তাওয়াফ সম্পন্ন করি, যা আমার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে আছে।
তাওয়াফ শেষ করার পর আমরা সাফা ও মারওয়ার মাঝে সাঈ সম্পন্ন করি। এভাবেই আলহামদুলিল্লাহ, আমাদের ওমরা পালন সম্পূর্ণ হয়।
কাবা শরীফ তাওয়াফ করার সময় আমার সবচেয়ে বড় ইচ্ছা ছিল "হাজরে আসওয়াদ" বা কালো পাথর স্পর্শ বা চুম্বন করা। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মানুষের প্রচণ্ড ভিড়ের কারণে তা সম্ভব হয়নি। এতে কিছুটা খারাপ লাগলেও আমি ধৈর্য ধরে দোয়া করতে থাকি। তখন আমি আল্লাহর কাছে দোয়া করি যেন সবাইকে তাঁর এই পবিত্র ঘর তাওয়াপ করার তৌফিক দান করেন।
ওমরা সম্পন্ন করার জন্য ৪ টি ধাপ রয়েছে যেমন, ইহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ করা, সাফা ও মারওয়ার মাঝে সাঈ করা। অবশেষে চুল ছাঁটাই বা মাথা মুণ্ডন করার মাধ্যমে শেষ করতে হয়। আমরা সবগুলো ধাপ সম্পন্ন করার মাধ্যমে আমাদের ওমরা শেষ করি। এরপর আমরা হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেই।
মক্কায় আমরা মোট সাত দিন অবস্থান করি। এই সময়ের মধ্যে আমরা দুটি ওমরা সম্পন্ন করি। এর পাশাপাশি প্যাকেজের অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ স্থানও ভ্রমণ করি, যেমন: মিনায় (যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়), আরাফার ময়দান ( যেখানে হাজীরা রাত্রী যাপন করে), মুজদালিফা , মসজিদে কুবা সহ আরও কিছু স্থান পরিদর্শন করি।
একদিন আমরা তয়েফে ও ভ্রমণে যাই। সেখানে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। ভ্রমণটি আমাদের জন্য ছিল অনেক আনন্দদায়ক ও শিক্ষণীয়।
তবে এই ভ্রমণের একটি অবিস্মরণীয় ঘটনাও রয়েছে। একদিন ওমরা শেষে আমরা হোটেলে ফেরার পথে ভুল করে অন্য রাস্তায় চলে যাই। অনেক দূর হাঁটার পর বুঝতে পারি যে আমরা পথ হারিয়ে ফেলেছি। তখন আমাদের মোবাইলও বন্ধ হয়ে যায় এবং আমাদের কাছে হোটেলের ঠিকানাও ছিল না। আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়ি, বিশেষ করে আমার মা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন।
পরিস্থিতি সামাল দিতে আমরা একটি গাড়ি ভাড়া করি। পরে গাড়ির সাহায্যে মোবাইল চার্জ দিয়ে লোকেশন খুঁজে বের করি। কিছুটা ভয় ও দুশ্চিন্তার মধ্য দিয়ে অবশেষে আলহামদুলিল্লাহ আমরা আমাদের হোটেলে ফিরে আসতে সক্ষম হই। এই ঘটনাটি আমাদের জন্য একেবারেই ভুলার মতো নয়।
মক্কায় অবস্থানকালে আমরা আরও কিছু জায়গা ঘুরে দেখি এবং পরিবারের সাথে সুন্দর সময় কাটাই। কাবা শরীফকে সামনে থেকে দেখার অনুভূতি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দময় ও আবেগপূর্ণ মুহূর্তগুলোর একটি।
এরপর আমাদের সাথে আমার মামা, যিনি সৌদি আরবে থাকতেন, তিনি আমাদের সাথে দেখা করতে আসেন। কিছুক্ষণ পর তিনি আমাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করেন এবং আমাদের নিয়ে যান জেদ্দা সমুদ্র সৈকতে।সেখানে আমরা বিকেলের কিছু সময় কাটাই এবং কাছের একটি মসজিদে নামাজ আদায় করি। সমুদ্রের সেই দৃশ্য আমার কাছে ছিল একেবারেই অবিশ্বাস্য। পানিগুলো এত পরিষ্কার ও নীল ছিল যে মনে হচ্ছিল যেন ছবির মতো সুন্দর। আমি খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং সেই মুহূর্তগুলো গভীরভাবে উপভোগ করছিলাম।
পরবর্তীতে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হই। প্রায় ছয় ঘণ্টার বাস যাত্রার মাধ্যমে আমরা সেখানে পৌঁছাই। মদিনায় পৌঁছে হোটেলে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা মসজিদে নববীতে যাওয়ার জন্য প্রস্তুত হই যেখানে মহানবী (সা.)-এর রওজা মোবারক অবস্থিত।
এভাবে আমরা মদিনাতে পৌঁছে বিভিন্ন ইবাদতে সময় কাটাতে থাকি। একদিন আমরা মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে নববীতে যাই। সেখানে প্রবেশের আগে আমরা দুই রাকাত নামাজ আদায় করি।
রওজা মোবারকে প্রবেশের জন্য নির্দিষ্ট সময় ও নিয়ম ছিল, এবং একসাথে সীমিত সংখ্যক মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো। আমরা সেই নির্দিষ্ট সময় অনুযায়ী অপেক্ষা করে অবশেষে ভেতরে যাওয়ার সুযোগ পাই। নবীজি (সা.)-এর রওজা মোবারক সামনে থেকে দেখার অনুভূতি ছিল একেবারেই ভাষায় প্রকাশ করার মতো নয়।
মদিনায় অবস্থানকালে আরেকটি বিষয় আমাকে খুব মুগ্ধ করেছিল, মসজিদের বড় বড় ছাতাগুলো খোলা ও বন্ধ হওয়ার দৃশ্য। বিশেষ করে রাতে যখন সেগুলো ধীরে ধীরে বন্ধ করা হতো, তা দেখার অভিজ্ঞতা ছিল অত্যন্ত সুন্দর ও ভিন্নরকম।
এ সময় আমরা কিছু কেনাকাটাও করি, বিশেষ করে খেজুর। মদিনার বিখ্যাত খেজুর কিনে আমরা পরিবারের সবার জন্য নিয়ে আসি।
মদিনায় আমরা প্রায় ছয় থেকে সাত দিন অবস্থান করি। এই সময়টুকু আমার জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ ও আনন্দময় সময়গুলোর একটি ছিল। বিশেষ করে জুমার নামাজের দিন মানুষের ভিড় দেখে আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম মানুষ কিভাবে ইবাদতের জন্য এত আগ্রহ নিয়ে ছুটে আসে, তা সত্যিই দেখার মতো।
এই ভ্রমণ আমার হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে। আল্লাহর ঘর কাবা শরীফ এবং নবীজি (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যগুলোর একটি। ভবিষ্যতেও যেন আবার এই পবিত্র স্থানগুলোতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে দান করেন এই দোয়া সবসময় করি।
পরবর্তীতে আমাদের মদিনা থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর উদ্দেশ্যে ফ্লাইট ছিল। নির্ধারিত সময় শেষে আমরা দেশে ফিরে আসি।
এভাবেই শেষ হয় আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ও আবেগপূর্ণ ভ্রমণ পবিত্র ওমরা পালনের সেই অনন্য সফর।
এই ভ্রমণ থেকে আমি অনেক শিক্ষণীয় বিষয় উপলব্ধি করেছি। সৌদি আরবের ওমরা পালনের এই সফরটি শুধু একটি ভ্রমণ ছিল না, বরং এটি ছিল আত্মশুদ্ধি ও আত্মউন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
সবচেয়ে বড় শিক্ষা ছিল সময়ের মূল্য দেওয়া। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে আমি লক্ষ্য করেছি, আজান দেওয়ার সাথে সাথেই মানুষ নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়। সেখানে নির্দিষ্ট কোনো দেরি বা অলসতার সুযোগ নেই। আজানের পর অল্প সময়ের মধ্যেই জামাত শুরু হয়ে যায়। এই বিষয়টি আমাকে সময়নিষ্ঠ হওয়ার গুরুত্ব বুঝিয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল ইবাদতের প্রতি মানুষের গভীর ভালোবাসা। বিশেষ করে জুমার নামাজে মানুষের উপস্থিতি আমাকে খুবই আবেগময় করেছিল। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে, তিনি আমাকে মক্কা ও মদিনায় জুমার নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
এছাড়াও একটি বিষয় আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে, তা হলো প্রতিটি নামাজের পর জানাজার নামাজ আদায় করা। এতে আমি উপলব্ধি করেছি, মানুষের জীবন কতটা অনিশ্চিত। প্রতিদিন, প্রতিমুহূর্তে কেউ না কেউ এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। তখন নিজের কাছে প্রশ্ন জাগে আমি কি সেই দিনের জন্য প্রস্তুত?
এই ভ্রমণ আমাকে শিখিয়েছে যে, দুনিয়ার মোহে না পড়ে আমাদের পরকালের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সালাত আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যা জান্নাতের চাবিকাঠি। তাই আমাদের উচিত সময়মতো নামাজ আদায় করা এবং আল্লাহর পথে চলার চেষ্টা করা।
সবশেষে, আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে এবং আমাদের সবাইকে আবার তাঁর পবিত্র ঘরে যাওয়ার তৌফিক দান করেন এবং সঠিক পথে চলার হিদায়াত দেন।
এই ভ্রমণটি আমার জীবনের এক অমূল্য এবং স্মৃতিবিজড়িত অভিজ্ঞতা। এটি কেবল দেখার বা ঘুরে আসার জন্য ছিল না, বরং আমার মনের ভিতরে গভীরভাবে ধারণ করার মতো একটি সময় ছিল। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ইবাদত করা, আল্লাহর দরবারে দোয়া করা এসব মুহূর্ত আমার হৃদয়ে স্থায়ী ছাপ রেখেছে।
ভ্রমণটি আমাকে শিখিয়েছে কৃতজ্ঞতা, সময়ের মূল্য, এবং আল্লাহর প্রতি নিরবিচ্ছিন্ন আস্থা ও শুকরিয়া আদায়ের গুরুত্ব। আল্লাহর তৌফিক ছাড়া এমন অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয়। আমি দোয়া করি, সবাই এই বরকতময় স্থান দেখার তৌফিক লাভ করুক।
অবশেষে, এই ভ্রমণ আমার জীবনের সবচেয়ে অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। সারাজীবন এই স্মৃতিগুলো হৃদয়ে বাস করবে, এবং আমি সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা ও প্রার্থনায় থাকব। আমিন।




মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।