পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
সাহিত্য সমালোচনা

তারুণ্যের অভ্যুত্থানে প্রেরণায় নজরুল

পড়তে সময় লাগবে প্রায় ৮ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
তারুণ্যের অভ্যুত্থানে প্রেরণায় নজরুল

বিশ্বসাহিত্যের বিস্ময়কর শক্তিশালী পঙক্তিমালার স্রষ্টা কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)।
অধিকারহারা উৎপীড়িতের সপক্ষে তাঁর কলমের বজ্র নিনাদ ফ্যাসিবাদী শোষকের মসনদে কাঁপন ধরিয়েছে সমকালে এবং উত্তরকালে। চির যৌবনের, চির জাগরণের এবং চির বিপ্লবের কবি নজরুল। এক শতাব্দী পেরিয়েও নজরুলের কবিতা-গদ্য-গান বাঙালির দ্রোহ ও বিপ্লবে প্রেরণার উৎস। দুই হাজার চব্বিশের রক্তঝরা জুলাই গণঅভ্যুত্থান এই চেতনা সঞ্জাত। নজরুলের বিদ্রোহচেতনার সর্বশ্রেষ্ঠ ধারক 'বিদ্রোহী'(১৯২১) সেই কবিতা, যার আত্মপ্রকাশের সাথে সাথে গোটা জাতির সমাজমানসে সঞ্চার করেছে তুমুল দ্রোহের আলোড়ন। সেই থেকে অদ্যাবধি বহুমাত্রিক প্রভাবে তারুণ্যের অনিবার্য প্রেরণা নজরুল ও তাঁর বিদ্রোহ । নজরুলের ‘চির উন্নত মম শির'-কে ধারণ করেই আবু সাইদ স্বৈরাচারের গুলির মুখে অকুতোভয়ে বুক পেতেছিলেন। সমগ্র দেশ স্লোগানে প্রকম্পিত হয়েছে, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’।

পরাধীন ভারতবর্ষের নাগরিক নজরুল তারুণ্যের প্রথম প্রহরেই অনুভব করেছিলেন শিকল পরার বেদনা। বৈশ্বিক অস্থিরতা এবং সাম্রাজ্যবাদী দুঃশাসনের অচলায়তনের মাঝে তিনিই প্রথম শুনিয়েছিলেন অদম্য তারুণ্যের বাণী, আত্মজাগরণের দৃপ্ত ঘোষণা:
বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!
(বিদ্রোহী)
১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশের পর বিদ্রোহের এই বাণীবন্ধ যে তরুণ বাঙালির মনে বিদ্যুৎ চমকের সৃষ্টি করেছিল তার প্রমাণ পাওয়া যায় একই সপ্তাহে বিজলী পত্রিকার পুনর্মুদ্রণ এবং আরো অগণিত পত্রিকায় পুনঃপ্রকাশের মধ্য দিয়ে। সমকালীন সাহিত্যিক বুদ্ধদেব বসুর
ভাষ্য,
‘নজরুলের কবিতাসমূহের প্রবলতা আমাদের প্রশংসা করার ভাষাটুকু পর্যন্ত কেড়ে নিলে, তার নিখাদ-নির্ঘোষ আমাদের মনের মধ্যে কেবলই ঢেউ তুলে ফিরতে লাগলো:

তোরা সব জয়ধ্বনি কর!!
তোরা সব জয়ধ্বনি কর!!
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়।’ ১

ঔপনিবেশিক স্বদেশে ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, শোষণ এবং সর্বব্যাপী পরাধীনতা থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা বাইশ বছরের উদীয়মান কবিকে দ্রোহের উচ্চকণ্ঠে পরিণত করেছে,
আমি মানি নাকো কোনো আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন!
আমি ধূর্জটি, আমি এলোকেশী ঝড় অকাল বৈশাখীর!
আমি বিদ্রোহী আমি বিদ্রোহী-সূত বিশ্ববিধাত্রীর!...(বিদ্রোহী)

নজরুলের বিদ্রোহের পর আজ শতবর্ষের অধিক অতিক্রান্ত হয়েছে। তারপর কতদূর এগুলো বাঙালি? এ অঞ্চলের রাজনৈতিক, সামাজিক জীবনে কত বিচিত্র পটপরিবর্তন ঘটেছে। দাঙ্গা, মহাযুদ্ধ, মন্বন্তর, আজাদির আন্দোলন… নানা বিপর্যয়ের পর দেশভাগ। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে নিজস্ব ভূখণ্ড অর্জন হলেও মিললো না ন্যায্যতা। রাষ্ট্রভাষার অধিকারের লড়াই, স্বৈরশাসন, গণঅভ্যুত্থানের পর স্বাধীনতার সর্বাত্মক সংগ্রাম, রক্তের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলো মুক্তি_ সার্বভৌম বাংলাদেশ। কিন্তু, স্বাধীন দেশে আবারও একই পুনরাবৃত্তি! স্বাধীনতার চেতনা বিক্রি করে স্বার্থান্বেষী অপশাসন কেড়ে নিয়েছিল জনগণের অধিকার। অবশেষে তরুণ প্রজন্মের হাত ধরে দীর্ঘমেয়াদী জুলুমের নাগপাশে অবরুদ্ধ জনতার দ্রোহের বিস্ফোরণ ঘটেছে চব্বিশের দীর্ঘতম জুলাইয়ে। দমন-পীড়নের নারকীয় তাণ্ডব সত্ত্বেও ভয়ের বিভীষিকা মাড়িয়ে জনতা-তারুণ্যের ঐক্য পরিণত হয়েছিল অপ্রতিরোধ্য অভ্যুত্থানের শক্তিতে। রক্তের বন্যা ভাসিয়ে নিয়েছিল স্বৈরাচারের মসনদ। তরুণদের স্লোগান,

‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না’, ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে।’
যেন নজরুলের চেতনারই রূপায়ন,

তোমারে দেবতা বলিব, সে-ভরসা আজ মিছে! (কুলি-মজুর)

কিংবা,

প্রার্থনা কর যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ। (আমার কৈফিয়ত)

জাতীয় কবির চেতনা ধারণের পরিবর্তে রাষ্ট্র যখন কেবলই আনুষ্ঠানিকতায় নজরুলকে আবদ্ধ করে ফেলেছিল, ঠিক সেই সময়ই জুলাইয়ের শেকল ভাঙার অভ্যুত্থানের মধ্য দিয়ে জেগে উঠলেন বিপ্লবী নজরুল। তারুণ্যের কণ্ঠে :

১. এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল।
এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল।।

২. মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্নার মত চঞ্চল।
মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল॥
আকাশের মত বাধাহীন,
মোরা মরু-সঞ্চর বেদুঈন,
(মোরা) বন্ধনহীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল॥ (ছায়ানট)

৩. দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। (কাণ্ডারী হুঁশিয়ার)

এমন বিপ্লবের আহ্বান কেবল আবৃত্তি আর উচ্চারণে সীমাবদ্ধ রইলো না, দেশজুড়ে রঙিন হয়ে উঠল তারুণ্যের সৃজনশীল চর্চা গ্রাফিতি আর দেয়াল লিখনে।

বৈষম্যের যে তিক্ত বোধ নজরুলের বিপ্লবের বাণীকে সকল কালের,সকল যুগের করেছে — জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনও একই বোধ থেকে উৎসারিত। নজরুল যখন বলেন,

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন, (বিদ্রোহী)

তখন সৃষ্টিকর্তা অর্থে নয় বরং ক্ষমতার দাপটে যারা জনগণের ভগবান সেজে রক্ত চুষে নেয় তাদের সমূলে উৎপাটনের কথা বলেন নজরুল ।
বাংলাদেশের স্বাধীনতার পিচ্ছিল পথযাত্রায় একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা চব্বিশের বিপ্লবে প্রেরণার মূলমন্ত্র আছে অগ্নিবীণা, ভাঙার গান, ছায়ানট, সন্ধ্যা, রাজবন্দীর জবানবন্দি প্রভৃতির মধ্যে।
গুম-খুন আর গণগ্রেফতারে দেশ যখন আতঙ্কের কারাগারে পরিণত হয়েছে, নজরুলের বীণার ঝংকার বেজে উঠলো জনতার প্রাণে প্রাণে,

কারার ঐ লৌহ-কবাট
ভেঙ্গে ফেল, কর রে লোপাট
রক্ত-জমাট
শিকল-পূজার পাষাণ-বেদী!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয়-বিষাণ!
ধ্বংস-নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। (ভাঙার গান)

নজরুল দেখিয়েছেন শিল্প-সাহিত্য হতে পারে জাতীয় মুক্তির শ্রেষ্ঠ উদ্দীপক। আবু সাঈদ, মুগ্ধ, আনাস বা ইয়ামিনদের মতো বীর শহীদদের সাহসিকতা ছিল নজরুলের সেই আদি ও অকৃত্রিম 'বিদ্রোহী'র বাস্তব প্রতিচ্ছবি। ‘এই যে বাংলাদেশ, তারুণ্যের মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ-এটি কার উত্তরাধিকার? বুলেটে বুক পেতে দেওয়া শহীদ আবু সাঈদ, শহীদ আনাস, শহীদ ওয়াসিম, শহীদ ইয়ামিন, শহীদ মুগ্ধ-সহ সহস্র সহস্র দেশপ্রেমে উদ্বুদ্ধ আত্মত্যাগী তরুণ-যুবা, ওরা কোন চেতনার উত্তরাধিকার? নিঃসংশয়ে বলা যায়, ওরা তারুণ্যের কবি যৌবনের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার।’ ২

আন্দোলন চলাকালে রাষ্ট্রযন্ত্রের মারণকামড়ে নজরুল কিভাবে আন্দোলনকারীদের অন্যতম সঞ্জীবনী হয়েছিলেন তার পরিচয় পাওয়া যায় মানজুর আল মতিনের বর্ণনায়,

‘প্রথম শক্তি পাই সাঈদকে দেখে। আরো নির্দিষ্ট করে বলতে গেলে আবু সাঈদের হাত ছড়িয়ে দাঁড়ানো ছবির সাথে 'চির উন্নত মম শির' লেখা ফেসবুকের প্রোফাইল ছবি যখন ছড়িয়ে পড়ছিল বুনো আগুনের (দাবানলের) মত, মনে গভীরে কোথায় যেন শক্তির ছোঁয়া লাগছিল। তার পরের দিন যখন আমার স্কুলের ছাত্র ফারহান ফাইয়াজ শহীদ হল, মনে হল ব্যর্থ হয়েছি। বাঁচাতে পারিনি আমাদের সন্তানদের। তখন আবারো নজরুল এগিয়ে এলেন বিস্মৃতির অন্তরাল থেকে।… ১৮ জুলাই ২০২৪ দিনব্যাপী হত্যাযজ্ঞের পর, ১৯ জুলাই সকালে গানটি যেন নতুন রূপে নিজেকে মেলে ধরল। 'ওরা দু'পায়ে দ'লে গেল মরণ শঙ্কারে, সবারে ডেকে গেল শিকল ঝঙ্কারে, বাজিল নভতলে স্বাধীন ডঙ্কারে, বিজয় সঙ্গীত বন্দী গেয়ে চলে, বন্দীশালা মাঝে ঝঞ্ঝা পশেছেরে, উতল কলোরোলে।'

মনে হল, তাইতো! সাঈদ-মুগ্ধরা তো আমাদের মৃত্যুর ভয় থেকে মুক্তি দিয়ে গেল। দেশটা যে বন্দীশালা হয়ে গিয়েছিল, সেটাই তো মনে করিয়ে দিল সাঈদ। আর তাতে যে ঝড় উঠেছে তাতে কেমন করে যেন 'বহু যুগের ওপার হতে' শক্তি হয়ে, প্রেরণা হয়ে, বিদ্রোহীর কেতন হয়ে জুড়ে গেলেন নজরুল।’৩

নজরুল দেখিয়েছেন জুলুমের কারায় পুষ্পের হাসি হাসতে, ‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি’। শতবর্ষ পরে বাংলার তরুণ সমাজ আবার তা করে দেখিয়েছে দ্রোহের মাঝেও সৃষ্টিশীলতার অপূর্ব সমন্বয় ঘটিয়ে। জুলাই আন্দোলনের কর্মসূচিতে সরকারের কারফিউয়ের মাঝেও ছিল কখনো সর্বাত্মক আন্দোলন, ‘মার্চ ফর জাস্টিস’, অসহযোগ, ‘বাংলা ব্লকেড’, ‘লংমার্চ টু ঢাকা’ আবার কখনো ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ', গ্রাফিতি ও দেয়াল লিখন, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল লাল করা, প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল ইত্যাদি। এসব সুচিন্তিত এবং সাংস্কৃতিক কার্যক্রমে নজরুলের শব্দ শিল্পের গভীরতা ও আবেদন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে তরুণ প্রজন্মের কাছে।

নজরুলের সাম্যবাদ, মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনার জ্বলন্ত উদাহরণ জুলাই গণ-অভ্যুত্থান। নারী-শিশু-শ্রমজীবী-শিল্পী-অভিভাবক-শিক্ষার্থী, হিন্দু-মুসলিম শ্রেণি নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আত্মত্যাগ এবং আত্মহুতি আন্দোলনকে মহিমান্বিত করেছে৷ নজরুলের ভাষায়,
‘মোরা এক বৃন্তে দু’টি কুসুম, হিন্দু-মুসলমান।’ আন্দোলন পরবর্তী সময়েও ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়া পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের পথকে রুদ্ধ করেছে। শহীদ উসমান হাদীর আবৃত্তিতে ‘বিদ্রোহী’-র শক্তিমত্তায় জুলাই, নজরুল এবং হাদী যেন একাকার হয়ে গেছে।

শাসক পরিবর্তন হলেও লড়াইয়ের প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি। অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবতার সুবাতাস প্রতিষ্ঠায় প্রয়োজন নজরুলের মতো শাশ্বত অনুধাবন,

মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না –
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না –
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত (বিদ্রোহী)

নজরুল এভাবেই লড়াইয়ে-অভ্যুত্থানে মাযলুমের পক্ষে বিপ্লবের প্রেরণা যুগিয়েছেন। নজরুলের চিন্তা ও দর্শনের ‘অকর্ষিত জায়গাগুলোকে চিহ্নিত করে নতুন বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ক্ষেত্র থেকে আরও ব্যাপক চর্চা হওয়া দরকার। চিরদিনের, চিরকালের মানবতাবাদী নজরুলের সার্বিক সৃষ্টিশীল রূপ উদ্ভাসিত হোক উপমহাদেশ ছাড়িয়ে বৈশ্বিক পরিমণ্ডলে।’৪

তথ্যসূত্র:

১. কালের পুতুল, ১৯৪৬, নিউ এজ সংস্করণ -১৯৫৮,কলকাতা, পৃ.১২৫-১২৬।
২. ড. নুরুল আমিন, জুলাই বিপ্লব ও নজরুলের কবিতা, নজরুল গবেষণাপত্র, নজরুল গবেষণা কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,তৃতীয় সংকলন, অক্টোবর ২০২৫, পৃ.১৭।
৩. দৈনিক সমকাল, ২৭ আগস্ট, মঙ্গলবার।
৪. মাসনুনা আক্তার, ভিন্নদৃষ্টিতে নজরুল চর্চা, নজরুল গবেষণাপত্র, নজরুল গবেষণা কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,তৃতীয় সংকলন, অক্টোবর ২০২৫, পৃ. ৫৬।

লেখক পরিচিতি

মাসনুনা আক্তার

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।