জুলাই বিপ্লব ও আমার আন্দোলন অভিজ্ঞতা

আইআইইউসি তে আসার মূল লক্ষ্যই ছিল, ভালো মুফাসসিরা হওয়া। তো সেজন্য আমি ফোনে সময়টা কম দেওয়ার নিয়ত করেছিলাম, বিশেষ করে বেশ কয়েকদিন যাবৎ ফেসবুক ইউজ করা হয়নি বললেই চলে। পনেরো জুলাই সন্ধ্যায়, হঠাৎ ফেসবুকে ঢুকতেই দেখি দেশে তুলকালাম অবস্থা। অথচ আমি কিছুই জানি না।
পুলিশের গুলিতে আবু সাঈদ ভাই শহীদ হয়েছেন। কোটা আন্দোলনে দেশ সরব। বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিছিল বের করলে ছাত্রলীগের হামলায় শহীদ হয়েছেন, আহত অনেক। সব মিলিয়ে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত।
এদিকে আমার রুমমেটরা বলাবলি করছে। এগুলো শিবির সন্ত্রাসীদের কাজ, কার সাথে কি বলবো কিছুই বুঝতেছিনা। রাতে মিল্লাতিয়ান দুই বান্ধবী আসমা ও ফাতেমা এল। ওদের সাথে খানিক আলোচনা হল, আইআইইউসির সোনালী যুগ, বর্তমান অবস্থা, নদভীর দুষ্কর্ম, জামায়াতের প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার মেয়েদের উপর নির্যাতনের ইতিহাস, চলমান পরিস্থিতি।
আসমা বলল, জানো আমাদেরও উচিত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের ভার্সিটি থেকে মিছিল বের করা, অন্যায়ের প্রতিবাদ করা। আমি বললাম- আমরা না, ভাইয়েরা আন্দোলন করলেই হবে। আমরা মেয়ে, আমাদের এটা মানাবে না। ও বলল- আমাদের ফিমেল ক্যাম্পাসে ছোট করে হলেও করতে হবে, ইত্যাদি ইত্যাদি আরো বেশ কিছু বিষয়ে আলোচনা হলো।
আমরা সবাই সবার থেকে বিদায় নিয়ে যে যার যার রুমে চলে গেলাম। রাতে শুনলাম, আগামীকাল ভার্সিটিতে আন্দোলন হবে। রুমমেট আপুরা কেউ ভার্সিটিতে যাবে না, উনাদের নাকি অভিজ্ঞতা আছে আন্দোলনের দিন ভার্সিটিতে অনেক প্রবলেম হয়। কিন্তু আমি মনে মনে নিয়ত করলাম আমি যাবই, ইনশাআল্লাহ!
আন্দোলন তো করবে ভাইয়ারা, তো আমার এত চিন্তা কিসের? পরে অবশ্য আমার রুমমেট আপুরা শুধু ভার্সিটিতেই যায়নি বরং আরো আন্দোলনেও যোগ দিয়েছিলেন, হয়তো বিবেকের তাগিদে!
পরের দিন অর্থাৎ ১৬ তারিখ সকালে আমি ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলাম। আমার ব্যাচমেট, রুমমেট প্লাস মিল্লাতিয়ান বান্ধবী জান্নাত আমাকে একা একা ভার্সিটিতে যেতে দিবে না, আমার সাথে ঔ ভার্সিটিতে যাবে।
প্রথম ক্লাস গুলো ভালো মতোই হল। মাঝে ব্রেক ছিল, আমার আর জান্নাতের ভীষণ ক্ষুধাও লেগেছিল। আমি আন্দোলনের কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। নাস্তার জন্য ক্যান্টিনের দিকে দুই বান্ধবী হাঁটা ধরলাম, সাথে পানি, ছাতা কিছুই নেইনি, ভেবেছিলাম নাস্তা করে তারপর ক্লাসে যেয়ে পানি খাব।
শরীয়াহ ফ্যাকাল্টির বিল্ডিং থেকে বের হতেই শুনি, ভাইয়েরা আন্দোলন করছে। আমি আর জান্নাত দৌড়ে গেলাম, আমি লাইভ চালু করলাম। ভীষণ গর্ববোধ হচ্ছিল। তেজদীপ্ত স্লোগানগুলো শিরা-উপশিরায় রক্ত চলাচল কে অস্বাভাবিক করে দিয়েছিল। প্রতিবাদের নেশায় বুঁদ হয়ে গিয়েছিলাম। মনে মনে বললাম, ভাইয়ারা জেগে উঠেছে, আমাদের আর কোন ভয় নেই। কোথা হতে মনে ভীষণ সাহস পেলাম।
চলে যাচ্ছিলাম, জান্নাত বলল- আপুরাও আন্দোলন করছে। আমি আর ও আপুদের আন্দোলনের দিকে গেলাম এবং স্লোগানে স্লোগানে আন্দোলনে মিশে গেলাম। প্রচন্ড রোদ, ছাতাও নাই, খাবার পানিও নাই, গা-মাথা ঘেমে শরীর বেয়ে ঘাম চুয়ে পড়ছে। ক্ষুধাও মরে গিয়েছিল, খাবারের জন্য এসেছিলাম তাও ভুলে গিয়েছিলাম।
আমার শুধু মনে হচ্ছিল, এই মুহূর্তে কোথাও যাওয়া যাবে না, এক সেকেন্ডের জন্যেও না। আমি একজন যদি স্লোগান না দেই, স্লোগানে স্লোগানে আন্দোলন জমিয়ে না রাখি, আন্দোলন প্রাণ হারাবে, আমাদের উদ্দেশ্য সফল হবে না। যদিও প্রচন্ড রোদে পানি তৃষ্ণায় ছাতি ফেটে যাওয়ার উপক্রম হচ্ছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, স্লোগান দিতেও বেশ কষ্ট হচ্ছিল, তবুও এফএসসি ক্লাসের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ।
এফএসসি ক্লাস শেষ হওয়ার পর, হঠাৎ আমার মনে হল, মেয়েদের আন্দোলনটা শেষ করা উচিত। যে কোন মুহূর্তে আক্রমণ হতে পারে, তখন ভাইয়েরা আমাদের সামলাবে না উনারা নিজেদের সামলাবে? এতে করে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাছাড়া অনেক রক্ত ঝরার ভয়, সবদিক চিন্তা করেই আমি এ সম্পর্কে একটা পোস্ট করি। বোনদের উদ্দেশ্য সতর্কতামূলক পোস্টটি শেয়ার করি।
কিন্তু সবাই হয়তো ভালোভাবে পোস্টটা দেখতেও পারেনাই, আমি আর জান্নাত ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম, এরই মধ্যে শুনি বাহিরে ছাত্রলীগ সন্ত্রাসীরা আক্রমণ করেছে। আমি আর জান্নাত দৌড়ে আমাদের বিল্ডিংয়ে ঢুকে পড়ি, আমি তাড়াতাড়ি আমাদের ক্লাসে চলে যাই, সবাই দরজা লাগিয়ে দেয়। কিন্তু জান্নাতকে দেখতে পাই না, ভেবেছিলাম হয়তো নিচের কোন ক্লাসরুমে আছে।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে শুনি ও আমাকে না পেয়ে ভিড় ঠেলে ক্যান্টিনের দিকে আমাকে খুঁজতে যাচ্ছিল, পরে এক আপু ওকে সান্তনা দিয়ে ক্যান্টিনে যাওয়া থেকে বাঁচায়। ছাত্রলীগরা আমাদের বিল্ডিং এ ঢুকতে এলে আমাদের এক স্যার ওই ছাত্রলীগকে সাবধান তাড়িয়ে দেয়। স্যার আমাদের বাঁচাতে তাড়াতাড়ি কেচি গেট লাগিয়ে দেন কিন্তু দুর্ভাগ্যক্রমে জান্নাত এতে মারাত্মকভাবে হাতে আঘাত পায়। ওর হাতে কালসিরে পড়ে যায়।
ও পরে বর্ণনা দিয়েছিল, ওদের সামনে, কেঁচিগেটের ভিতর থেকেই দেখেছিল, ওদের সামনেই এক ছাত্র ভাইকে কিভাবে দুই ছাত্রলীগ লাঠি- রামদা দিয়ে পিটাচ্ছিল। ওদের কষ্টটা ওইখানেই, ওরা দেখতে ছিল কিন্তু কিছুই করতে পারতেছিল না।
আমাদের নিরাপত্তা নিয়ে স্যারেরা ঝুঁকির মধ্যে পড়ে যান। যেহেতু আমরা স্যারদের আমানতে রয়েছি, তাই স্যাররা যত দ্রুত পারেন আমাদেরকে নিরাপদে বাসায়, হলে পৌঁছানোর ব্যবস্থা করে দেন।
১৭ জুলাই, বুধবার, সকাল সকাল গোসল করলাম। যেহেতু দেশের পরিস্থিতি খারাপ ছিল, সেহেতু রোজা রাখার প্রয়োজন মনে করেছিলাম। সকালেই অনির্দিষ্টকালের জন্য ভার্সিটি বন্ধের ঘোষণা এলো। 'এখন যেকোনো মুহূর্তে হল বন্ধের ঘোষণা আসতে পারে'- এমন গুঞ্জন সবার মুখে মুখে। আমি মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ হল বন্ধের ঘোষণা এলে যেন বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে না হয়।
জান্নাতের নানা ভাই আসতিছে ওকে নিতে। ও আমাকে রেখে কোনভাবেই যাবে না। বারোটা পঞ্চাশ পি এম এ আম্মুকে কল করি। ও আম্মুর সাথে কথা বলে, ১২ মিনিট ৫৫ সেকেন্ড কথা বলেও আম্মুকে রাজি করাতে পারেনি। আম্মু আমাকে বললেন, তুমি তো জানোই আমি কারো বাসায় যাওয়া পছন্দ করি না, এখনও তো হল বন্ধ হয়নি, ও যাক, পরে হল বন্ধ দিলে সবাই যা করে তুমিও তাই করো। আম্মুর কথায় আমার বরাবরই সায় ছিল, আমার খারাপ হোক, এমন কোন কিছুই আম্মু কখনো চাইবে না। আম্মুর কাছে দোয়া নিয়ে রেখে দিলাম।
জান্নাত চলে গেল। ও যাওয়ার কিছুক্ষণ পরেই হল বন্ধের ঘোষণা এল। টঙ্গী মিল্লাত থেকে আমার আরো যে তিন বান্ধবী আছে, ওদের সাথে পরামর্শ করলাম কি করা যায়। ওরা বলল- সাড়ে চারটায় একটা বাস আছে, আমরা এখান থেকে দুপুর তিনটায় বের হবো, ইনশাল্লাহ।
যেই কথা সেই কাজ, যেহেতু আম্মু বলেছিল, সবাই যা করে তুমিও তাই কইরো। আম্মুর সব কথা হয়তো সবসময় শুনতে পারি না। যদিও আম্মুকে বললে কখনোই এই পরিস্থিতিতে মাহরাম ছাড়া একা যাবার অনুমতি দিতেন না, তবুও সার্বিক দিক বিবেচনা করে আমাকে একা যাবার সিদ্ধান্ত নিতে হয়। বাসায় কাউকে জানালে টেনশন করবে, তাই কাউকে না বলেই জীবনের ঝুঁকি নিয়ে ফ্রেন্ডদের সাথে ঢাকা যাবার ইরাদা করে ফেললাম।


মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।